চিনি নিয়ে জল্পনা শেষ! দাম বাড়ার আসল কারণ ফাঁস করে কড়া বার্তা দিল সরকার

উৎসবের মরশুমের ঠিক আগে চড়চড় করে বাড়ছে চিনির দাম। গত ২০ জুলাই যেখানে প্রতি কেজি চিনির দাম ছিল ৪৮.১৮ টাকা, সেখানে ২০ অগাস্টের মধ্যে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৫.৭০ টাকার কাছাকাছি। বাজারে এই মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকট তৈরি হওয়ার পিছনে ইথানল উৎপাদন দায়ী—এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে তা পুরোপুরি খারিজ করেছে কেন্দ্র। সরকারের স্পষ্ট বক্তব্য, ইথানলের জন্য চিনি নয়, বরং বর্তমান উৎপাদিত ইথানলের ৭৫ শতাংশই আসছে ভুট্টা ও অন্যান্য শস্য থেকে।

কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানাচ্ছে, চিনির দাম বৃদ্ধির নেপথ্যে রয়েছে মূলত দেশীয় উৎপাদন হ্রাস, উৎসবের জেরে হঠাৎ বেড়ে যাওয়া চাহিদা, আবহাওয়ার কারণে আখের ফলন মার খাওয়া এবং কিছু অসাধু ব্যবসায়ীর বেআইনি মজুতদারি। শুধু ভারত নয়, বিশ্বজুড়েই আন্তর্জাতিক বাজারে চিনির জোগান কমেছে। ২০২৬-২৭ মরশুমে বিশ্বব্যাপী প্রায় ৩৩ লক্ষ মেট্রিক টন চিনির ঘাটতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মাত্র দু’মাসের কম সময়ে আন্তর্জাতিক বাজারে চিনির দাম ১৬ শতাংশের বেশি বেড়ে টনপ্রতি ৫৫২ ডলারে পৌঁছেছে।

তবে সাধারণ মানুষের স্বস্তির জন্য একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে সরকার। দেশে এখনও পর্যাপ্ত চিনি মজুত রয়েছে। পাশাপাশি, অতিরিক্ত চিনি ইথানল উৎপাদনে ব্যবহারের ফলে চিনিকলগুলির আর্থিক অবস্থার উন্নতি হওয়ায় আখচাষিদের প্রায় ৯৭ শতাংশ বকেয়া টাকা ইতিমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে। মজুতদারি রুখতেও প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *