জম্মু ও শ্রীনগরের যোগাযোগ ব্যবস্থায় বড় ধাক্কা! উপত্যকার বাসিন্দাদের জন্য তৃতীয় বন্দে ভারত উপহার রেলমন্ত্রকের

কাশ্মীর উপত্যকার সঙ্গে যাতায়াত আরও দ্রুত ও আরামদায়ক করতে রেলমন্ত্রকের তরফে আরও একটি বড় পদক্ষেপ নেওয়া হলো। ইতিমধ্যেই জম্মু ও শ্রীনগর রুটে দুটি বন্দে ভারত এক্সপ্রেস চালু থাকলেও, যাত্রী চাহিদা এবং আঞ্চলিক যোগাযোগের পরিধি বাড়াতে এবার ওই একই রুটে তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস চালানোর আনুষ্ঠানিক অনুমোদন দিল ভারতীয় রেল।

নতুন রুটের রুটম্যাপ ও সময়সূচি
রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, নতুন এই ট্রেনটি জম্মু তাওয়াই এবং শ্রীনগরের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় করবে। ট্রেনটি শহিদ ক্যাপ্টেন তুষার মহাজন উধমপুর স্টেশনের উপর দিয়ে চলাচল করবে। জম্মু তাওয়াই–শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস হিসেবে পরিচালিত হতে চলা এই ট্রেনের নম্বর রাখা হয়েছে ২৬৪০৭/২৬৪০৮। কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিংকে পাঠানো এক চিঠিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই অনুমোদনের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। যাত্রী স্বাচ্ছন্দ্য এবং পরিচালনাগত সুবিধা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

চেনাব সেতুতে গতির রেকর্ড
এদিকে শুধুমাত্র নতুন ট্রেনের অনুমোদনই নয়, কাশ্মীরের রেল পরিকাঠামো উন্নয়নে সম্প্রতি এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছে দেশ। বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে সেতু তথা চেনাব সেতুর উপর দিয়ে প্রথমবার প্রায় ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে সফলভাবে চলাচল করেছে বন্দে ভারত এক্সপ্রেস। জম্মু ডিভিশনের শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে বানিহাল পর্যন্ত ১১১ কিলোমিটার দীর্ঘ নতুন ব্রডগেজ রেলপথে এই গতিস্তর অনুমোদিত হয়েছে। নতুন এই ট্রেন পরিষেবা চালুর ফলে আগামী দিনে জম্মু, উধমপুর এবং শ্রীনগরের মধ্যে যাতায়াত আরও বেশি সহজতর হবে বলেই আশা করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *