“ব্রাজিলকে ৫০ থেকে ৭০ কোটি টাকা কেন?”-সল্টলেকে ম্যাচ বয়কটের ডাক দিলেন বাইচুং

সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে ব্রাজিলের আন্তর্জাতিক ফুটবল দলের প্রীতি ম্যাচ নিয়ে যখন গোটা দেশ উত্তেজনায় ফুটছে, ঠিক তখনই এক বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের ঝড় তুললেন ভারতীয় ফুটবলের আইকন তথা প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া। তাঁর পরিষ্কার দাবি, একটি ৯০ মিনিটের প্রদর্শনী ম্যাচের পেছনে কোটি কোটি টাকা উড়িয়ে দেওয়ার কোনো মানে হয় না। এই বিপুল অর্থ দেশের পরিকাঠামো উন্নয়ন এবং বাংলার ক্রীড়াবিদদের পেছনে খরচ করা উচিত। শুধু তাই নয়, দেশের সমস্ত ফুটবলপ্রেমীদের কাছে এই হাই-প্রোফাইল ম্যাচটি বয়কট করার জোরালো আহ্বানও জানিয়েছেন তিনি।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩ অক্টোবর কলকাতার বিখ্যাত সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ভারত ও ব্রাজিলের। গুঞ্জন রয়েছে, ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া ব্রাজিলের মূল দলের ফুটবলারদেরই কলকাতায় খেলতে নামার কথা রয়েছে। তবে এই লোভনীয় ম্যাচের চরম বিরোধিতা করেছেন ভাইচুং। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি প্রশ্ন তোলেন, একটি ৯০ মিনিটের ম্যাচের জন্য যদি ব্রাজিল দলকে ৫০ থেকে ৭০ কোটি টাকা দেওয়া হয়, তবে তার বিনিময়ে ভারতীয় ফুটবল কী পাবে? তাঁর মতে, এর মাধ্যমে কেবল ৯০ মিনিটের সাময়িক বিনোদন মিলবে, যা ভারতীয় ফুটবলের ভবিষ্যতের জন্য কোনো দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে না।

ভাইচুংয়ের যুক্তি, এই বিশাল পরিমাণ অর্থ যদি বাংলার ক্রীড়াবিদদের উন্নয়নে বিনিয়োগ করা হয়, তবে তার সুদূরপ্রসারী প্রভাব পড়বে। তিনি আক্ষেপের সুরে জানান, সাম্প্রতিক কমনওয়েলথ গেমসে বাংলার কোনো ক্রীড়াবিদ পদক আনতে পারেননি। অথচ ৩০ কোটি টাকা সঠিক উপায়ে বিগত চার বছর বিনিয়োগ করা হলে অন্তত দশটি পদক জেতার মতো উপযুক্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হতো। এছাড়া এই অর্থ দিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় প্রায় একশটি ছোট ফুটসাল মাঠ তৈরি করা সম্ভব, যা তৃণমূল স্তরে প্রতিভা অন্বেষণ ও উন্নয়নে বিপ্লব ঘটাতে পারত।

শুধু পরিকাঠামোই নয়, বাংলার ঐতিহ্যবাহী ক্লাবগুলির ভবিষ্যৎ নিয়েও গভীর শঙ্কা প্রকাশ করেছেন ভাইচুং। তাঁর মতে, ব্রাজিল ম্যাচের পেছনে যদি এক ধাক্কায় ৫০ কোটি টাকা খরচ হয়ে যায়, তবে ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিংয়ের মতো ক্লাবগুলির পক্ষে আগামী দিনে বিনিয়োগকারী বা স্পনসর খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। বাজারে অর্থের জোগান সীমিত হওয়ায় এই হাই-প্রোফাইল প্রীতি ম্যাচ ঘরোয়া ফুটবলের আর্থিক মেরুদণ্ড ভেঙে দিতে পারে বলে তাঁর আশঙ্কা। এর আগে এশিয়ান কাপ থেকে ভারতের নাম প্রত্যাহার করে নেওয়ার এআইএফএফ (AIFF)-এর সিদ্ধান্তের তীব্র সমালোচনাও করেছিলেন তিনি।

এদিকে, ভাইচুংয়ের এই মন্তব্যের পরই আসরে নেমেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। ফেডারেশনের এক শীর্ষকর্তা পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দাবি করেছেন, ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত সর্বসম্মতভাবেই নেওয়া হয়েছে। ভাইচুংকে তাঁর দাবির স্বপক্ষে প্রকাশ্যে প্রমাণ পেশ করারও দাবি জানিয়েছে ফেডারেশন। একদিকে যখন এই ম্যাচ ঘিরে কলকাতা সহ সারা দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে, ঠিক অন্যদিকে ভাইচুংয়ের এই বয়কটের ডাক এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের তত্ত্বে বিভক্ত হয়ে পড়েছে ভারতীয় ফুটবলের চেনা ময়দান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *