১৭ দিনে কেজিতে বাড়ল ২০ টাকা! চিনির এই চরম সংকটের জন্য সরাসরি কাকে দায়ী করলেন অরবিন্দ কেজরিওয়াল?

দেশজুড়ে চিনির দামের লাগাতার ঊর্ধ্বগতি এবং তীব্র সংকটের জন্য সরাসরি কেন্দ্রীয় মোদী সরকারের নীতিকেই দায়ী করলেন আম আদমি পার্টির (AAP) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। পেট্রোলের সঙ্গে ইথানল মেশানোর সরকারি সিদ্ধান্তকে কটাক্ষ করে তিনি দাবি করেছেন, এই ভুল নীতির ফলেই আজ সাধারণ মানুষকে চড়া দামে চিনি কিনতে বাধ্য হতে হচ্ছে।
সাম্প্রতিক এক ভিডিওয় কেজরিওয়াল অভিযোগ করেছেন, পেট্রোলের সঙ্গে ইথানল মিশিয়ে বিদেশ থেকে তেল আমদানির খরচ বা বৈদেশিক মুদ্রা বাঁচানোর কথা বলেছিল সরকার। কিন্তু এর জেরে দেশে আখ ও চিনির উৎপাদন মারাত্মকভাবে কমে গেছে। তাঁর দাবি, মাত্র ১৭ দিনের ব্যবধানে প্রতি কেজি চিনির দাম প্রায় ২০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। অতীতে যে দেশ চিনি রপ্তানি করত, আজ সেই দেশকেই নাকি বিদেশ থেকে চিনি আমদানির পরিকল্পনা করতে হচ্ছে।
তীব্র আক্রমণ শানিয়ে আপ সুপ্রিমো বলেন, ইথানলের জন্য অতিরিক্ত আখ ব্যবহার করার পরিণাম কী হতে পারে, তা নিয়ে সরকারের দূরদর্শিতার অভাব রয়েছে। একদিকে ইথানলযুক্ত পেট্রোল যেমন সাধারণ মানুষের গাড়ির ক্ষতি করছে, তেমনই অন্যদিকে চড়া দামে নিত্যপ্রয়োজনীয় এই জিনিস কিনতে গিয়ে সাধারণ মানুষের পকেট ফাঁকা হচ্ছে। সরকারের একের পর এক ভুল সিদ্ধান্তের ফলে আজ দেশের অর্থনীতি ও সাধারণ মানুষ চরম সংকটের মুখে পড়েছে বলেই মন্তব্য করেছেন তিনি।