মানুষের চোখ আসলে কত মেগাপিক্সেলের ক্যামেরা? ৫৬৭ এমপি-র মিথ নিয়ে বিজ্ঞানীরা কী বলছেন জানেন কি? ২. এক লহ

চোখ আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কিন্তু মানুষের চোখকে যদি কোনও ক্যামেরার সঙ্গে তুলনা করা হয়, তবে তার রেজোলিউশন ঠিক কত মেগাপিক্সেলের সমান হবে? এই কৌতূহল অনেকের মনেই রয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই শোনা যায় যে মানুষের চোখের ক্ষমতা নাকি ৫৬৭ মেগাপিক্সেল। কিন্তু বিজ্ঞানীদের মতে, এটি চোখের আসল রেজোলিউশন নয়। ক্যামেরার পিক্সেলের মাপের সঙ্গে মানুষের দৃষ্টিশক্তিকে সরাসরি তুলনা করা বৈজ্ঞানিকভাবে ঠিক নয়।
বিজ্ঞান বলছে, আমাদের চোখের রেটিনায় প্রায় ১২ কোটি রড কোষ এবং ৬০ লক্ষ কোন কোষ থাকে। এর মধ্যে রড কোষ কম আলোতে দেখতে এবং নড়াচড়া বুঝতে সাহায্য করে, আর কোন কোষ রঙ ও সূক্ষ্ম খুঁটিনাটি চিনতে পারে। আমরা যখন কোনও দিকে তাকাই, তখন চোখের অত্যন্ত ছোট একটি অংশ—যাকে ‘ফোভিয়া’ বলা হয়—তার ওপর প্রতিবিম্ব ফেলে স্পষ্ট দেখতে পাই। বাকি অংশটি পেরিফেরাল ভিশনের মাধ্যমে চারপাশের নড়াচড়া বা আকৃতি আন্দাজ করে।
এছাড়াও, উজ্জ্বল আলো থেকে হঠাৎ অন্ধকারে গেলে মানিয়ে নেওয়া বা দৃশ্যমান আলোর নির্দিষ্ট পরিসরের মধ্যে (৩৮০ থেকে ৭০০ ন্যানোমিটার) দেখার ক্ষমতা চোখের এক অনন্য বৈশিষ্ট্য। তবে সবচেয়ে বড় কথা, চোখ একা কোনও দৃশ্য তৈরি করে না। চোখ আলো থেকে তথ্য সংগ্রহ করে বৈদ্যুতিক সংকেতে পরিণত করে এবং অপটিক নার্ভের মাধ্যমে তা মস্তিষ্কে পাঠায়। এরপর মস্তিষ্ক সেই ডেটা বিশ্লেষণ করে তবেই আমাদের চারপাশের নিখুঁত ছবি দেখায়। তাই নির্দিষ্ট কোনও মেগাপিক্সেলের সংখ্যা দিয়ে মানব চোখের জাদুকরী দৃষ্টিশক্তিকে মাপা সম্ভব নয়।