মৃত্যুর ৫ মাস পর বিস্ফোরক দাবি! প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয়ের সঙ্গে গভীর প্রেমের সম্পর্ক ফাঁস করলেন মৌমিতা

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণের পাঁচ মাস কেটে গেলেও সেই মর্মান্তিক ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি তাঁর অনুরাগ ও সহকর্মীরা। ধারাবাহিক ‘ভোলে বাবা’র শুটিং চলাকালীন তালসারির সমুদ্রে ঘটে যাওয়া সেই দুর্ঘটনা আজও মেনে নেওয়া কঠিন। এই গভীর শোকের আবহেই এবার রাহুলকে ঘিরে এমন এক বিস্ফোরক ও আবেগঘন দাবি সামনে এল, যা নিয়ে উত্তাল টলিপাড়া। দীর্ঘ নীরবতা ভেঙে অভিনেত্রী-মডেল মৌমিতা পণ্ডিত দাবি করলেন, মৃত্যুর আগের কয়েক মাস তাঁরা গভীর প্রেমের সম্পর্কে ছিলেন!
সম্প্রতি নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি সিসিটিভি ফুটেজ শেয়ার করেছিলেন মৌমিতা, যেখানে দেখা যায় রাহুল তাঁর গালে ভালোবেসে আবির মাখিয়ে দিচ্ছেন। এই ভিডিও ঘিরেই গুঞ্জন দানা বাঁধলে টিভি নাইন বাংলার মুখোমুখি হয়ে রাহুলের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন অভিনেত্রী।
মৌমিতার দাবি, গত মার্চ মাসে হোলির দিন ভোর ৫টায় ক্লান্ত শরীর নিয়েও বাইক নিয়ে তাঁর বাড়িতে হাজির হয়েছিলেন রাহুল। আট বছর ধরে হোলি খেলা বন্ধ রাখা মৌমিতাকে মানসিক ট্রমা থেকে বের করে আনতে রাহুলই পাশে দাঁড়িয়েছিলেন। মৌমিতার প্রয়াত স্বামী অরিদীপ্তের ছোটবেলার বন্ধু ছিলেন রাহুল। সেই সূত্রে পরিচয়ের পর উত্তরবঙ্গে একটি সিনেমার যৌথ শুটিং চলাকালীন তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা ও নির্ভরতা তৈরি হয়।
রাহুলের সঙ্গে সম্পর্কের গোপনীয়তা নিয়ে মৌমিতা জানান, রাহুল কখনোই কিছু লুকিয়ে রাখার পক্ষে ছিলেন না। তাঁর ইচ্ছে ছিল দুজনে মিলে খুব শীঘ্রই সবাইকে সম্পর্কের কথা জানাবেন। অন্যদিকে, স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে রাহুলের সম্পর্ক নিয়ে তিনি স্পষ্ট জানান, প্রিয়াঙ্কা ও রাহুলের মধ্যে একটি সুন্দর বন্ধুত্বের সম্পর্ক ছিল এবং রাহুল কাউকে ধোঁকা দিয়ে তাঁর কাছে আসেননি।
দুর্ঘটনার দিন সকালেও রাহুলের সঙ্গে তাঁর শেষ কথা হয়েছিল বলে জানান মৌমিতা। রাহুলের প্রয়াণের পর তাঁর বাড়িতে দিন কাটানো এবং শ্মশানে যাওয়ার স্মৃতিচারণ করে মৌমিতা বলেন, “ও যেভাবে হঠাৎ চলে গেল, আমি প্রতিদিন সেই শূন্যতার সঙ্গে লড়াই করছি। আমাদের এই প্রেম স্বীকার না করলে রাহুলকে অসম্মান করা হবে। প্রেমই তো সবচেয়ে বড় বিপ্লব।”