‘শুরুতে ভীষণ হিংসে হতো, এখন তোমার জন্য গর্ব হয়!’ দেবকে খোলা চিঠিতে এমন কী লিখলেন শুভশ্রী?

টলিউডের এক সময়ের সবচেয়ে আলোচিত অফস্ক্রিন জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের প্রেমকাহিনি নিয়ে যেমন চর্চা কম হয়নি, তেমনই তাঁদের বিচ্ছেদ এবং পরবর্তী দূরত্বের গল্পও ছিল ইন্ডাস্ট্রির অন্যতম হট টপিক। তবে অতীতের সমস্ত তিক্ততা ভুলে পেশাদার তাগিদে এক দশক পর ফের একসঙ্গে কাজ করলেন এই তারকা জুটি। দেবের কেরিয়ারের বহু ‘প্রথম’ বিষয়ের সাক্ষী ছিলেন শুভশ্রী, আর এবার দেবের পরিচালক হিসেবে ডেবিউ ছবিরও প্রধান নায়িকা হলেন রাজ-ঘরণী।

বুধবার আনুষ্ঠানিকভাবে শেষ হলো দেবের পরিচালনায় তৈরি প্রথম ছবি, যা আপাতত ‘দেশু ৭’ (Desu7) নামেই চর্চায় রয়েছে। শুটিংয়ের এই বিশেষ দিনেই পরিচালক দেবের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ ও আবেগঘন খোলা চিঠি লিখেছেন ছবির নায়িকা শুভশ্রী। চিঠির শুরুতেই তিনি জানান, তাঁরা দুজনেই প্রায় একই সময়ে কেরিয়ার শুরু করলেও এই ছবির অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ আলাদা। কারণ এটি দেবের প্রথম পরিচালনা এবং একজন অভিনেতা থেকে তাঁর পরিচালক হয়ে ওঠার রূপান্তর খুব কাছ থেকে দেখেছেন তিনি।

শুভশ্রী অকপটে স্বীকার করেছেন, কাজের শুরুতে তাঁর মনে কিছুটা ঈর্ষার ভাব কাজ করেছিল। দেবের চিত্রনাট্য নিয়ে স্পষ্ট ধারণা এবং পরিচালনার দৃষ্টিভঙ্গি দেখে তিনি অবাক হয়ে ভেবেছিলেন, বিভিন্ন চরিত্রে অভিনয় করার ফাঁকে দেব কবে এত কিছু শিখে গেলেন! তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সেই হিংসা তাঁর কাছে অনুপ্রেরণায় পরিণত হয়। ইউভান ও ইয়ালিনির মায়ের সাফ কথা, এই ছবি মুক্তি পেলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি এক নতুন যুগের সফল পরিচালককে পাবে। চিঠির শেষে দেবের ভবিষ্যৎ পরিচালক জীবনের জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে শুটিং হওয়া বহুল প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ মুক্তি পাওয়ার পর থেকেই টলিউডে এই জুটির পুরনো রসায়ন নিয়ে চর্চা নতুন করে শুরু হয়েছিল। যদিও ছবির প্রচারের সময় দেবের কিছু মন্তব্যে সাময়িক মনঃকষ্ট তৈরি হলেও, সে সব ভুলে ফের পেশাদার সম্পর্কে ফিরেছেন তাঁরা। আসন্ন দুর্গাপুজোতেই মুক্তি পেতে চলেছে দেবের পরিচালিত এই নতুন ছবি, যেখানে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকেও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *