দ্বিতীয়বার বাবা হলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল! কন্যাসন্তানের কী নাম রাখলেন ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী বিনি রমন?

পিতা হলেন অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ভারতীয় বংশোদ্ভূত তাঁর স্ত্রী বিনি রমন জন্ম দিয়েছেন এক কন্যাসন্তানের। তারকা দম্পতি নিজেরাই সোশ্যাল মিডিয়ায় এই খুশির খবরটি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। ইনস্টাগ্রামে সদ্যজাত মেয়ের একটি মিষ্টি ছবি পোস্ট করে ম্যাক্সওয়েল ও বিনি লিখেছেন, ‘আমাদের স্বপ্নের রাজকন্যা এসে গেছে, মারিয়া ম্যাক্সওয়েল।’ এই দম্পতির ঘরে এর আগে একটি পুত্র সন্তানও রয়েছে, যার নাম লগান মাভেরিক ম্যাক্সওয়েল। ২০২৩ সালে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন বিনি।
উল্লেখ্য, ২০১৩ সালে প্রথমবার ম্যাক্সওয়েল ও বিনির দেখা হয়েছিল। সেখান থেকেই বন্ধুত্বের সূত্রপাত এবং পরবর্তীতে তা প্রেমে রূপ নেয়। দীর্ঘ সম্পর্কের পর ২০১৭ সালে দু’জনেই তাঁদের প্রেমের কথা প্রকাশ্যে স্বীকার করেন। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে তাঁরা বাগদান সারেন এবং ২০২২ সালের ২৭ মার্চ আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। খ্রিস্টান ও তামিল ব্রাহ্মণ—উভয় মতেই জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছিল তাঁদের সেই বিবাহ অনুষ্ঠান। অজি তারকার পরিবারে নতুন অতিথি আসার খবরে বিশ্বজুড়ে তাঁর ভক্ত ও সতীর্থরা শুভেচ্ছা জানিয়েছেন।