AirPods-এ কি এবার ক্যামেরা আসছে? ভাইরাল ভিডিও ঘিরে টেক দুনিয়ায় তুঙ্গে জল্পনা!

জনপ্রিয় গ্যাজেট নির্মাতা সংস্থা অ্যাপেলের এয়ারপডস (Apple AirPods)-এ কি এবার ক্যামেরা যুক্ত হতে চলেছে? যেখানে কাজ করবে অত্যাধুনিক ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স? যদিও অ্যাপেলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি, তবে সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত একটি টিপস্টারের ভিডিও ঘিরেই টেক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসের মেগা ইভেন্টেই কি তবে এই চমক আসতে চলেছে? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে গ্যাজেটপ্রেমীদের মনে।
কী রয়েছে ওই ভাইরাল ভিডিওতে?
সামনে আসা ১৩ সেকেন্ডের একটি ছোট ভিডিওতে দেখা গেছে, এক যুবক কানে এয়ারপডস পরে হেঁটে আসছেন এবং সামনে রাখা একটি টেবিল থেকে একটি বই তুলছেন। ঠিক সেই মুহূর্তেই ব্যাকগ্রাউন্ডে একটি অডিও ভেসে আসে, যেখানে বলা হয়—ভিজ্যুয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে নিজের জগতকে সেভ করে রাখা সম্ভব এবং কোনো কিছু পছন্দ হলে তা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে বলা যেতে পারে।
ভিডিওটি দেখে বিশেষজ্ঞদের ধারণা, ওই ব্যক্তি তাঁর সামনের টেবিলে রাখা বই বা পারিপার্শ্বিক পরিবেশ থেকে ‘সিরি’ (Siri)-র সাহায্যে ভিজ্যুয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করছেন। ম্যাকরুমরস (MacRumors)-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ইয়ারবাডের সাহায্যে সংগৃহীত ভিজ্যুয়াল ফুটেজ বা তথ্য ডিভাইসে সেভ করেও রাখা সম্ভব হবে।
কী বলছে ব্লুমবার্গ ও বিশেষজ্ঞরা?
এর আগে ব্লুমবার্গ-এর প্রখ্যাত প্রতিনিধি মার্ক গুরম্যানও তাঁর একটি প্রতিবেদনে ইঙ্গিত দিয়েছিলেন যে, অ্যাপেলের নতুন ইয়ারবাডে লো-রেজলিউশনের ক্যামেরা ফিচার থাকতে পারে। এই ক্যামেরাগুলি মূলত অ্যাপল এআই (Apple AI)-এর ‘চোখ’ হিসেবে কাজ করবে। অর্থাৎ ক্যামেরার মাধ্যমে চারপাশের ভিজ্যুয়াল তথ্য সংগ্রহ করে তা প্রসেস করে অডিও আকারে ব্যবহারকারীর কাছে পৌঁছে দেবে এই গ্যাজেট।
সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী মাসে অ্যাপেলের বহুল প্রতীক্ষিত বার্ষিক মেগা ইভেন্টেই এই অত্যাধুনিক প্রযুক্তির ইয়ারবাড প্রকাশ্যে আসতে পারে বলে জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।