মারাত্মক ঝুঁকি এড়াতে আসছে ‘ChatGPT for Teens’! ১৩ থেকে ১৭ বছরের পড়ুয়াদের জন্য কী কী কড়া নিয়ম আনল ওপেনএআই?

কিশোর-কিশোরীদের সুরক্ষায় বড় উদ্যোগ! টিনএজারদের জন্য বিশেষ ‘ChatGPT for Teens’ আনল ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে নিরাপত্তা ও গোপনীয়তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবার টিনএজারদের জন্য এক বিশেষ চ্যাটবট লঞ্চ করল ওপেনএআই (OpenAI)। সাম্প্রতিক সময়ে চ্যাটবটের অতিরিক্ত ব্যবহারের ফলে একাধিক কিশোর-কিশোরীর আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনা সামনে আসার পরই নড়েচড়ে বসেছে সংস্থাটি। সেই সমস্ত ঝুঁকি এড়াতে ১৩ থেকে ১৭ বছর বয়সি ব্যবহারকারীদের ব্যবহারের প্যাটার্ন বা আচরণ বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে নতুন এই চ্যাটবট, যার নাম দেওয়া হয়েছে ‘ChatGPT for Teens’

কীভাবে কাজ করবে এই নতুন চ্যাটবট? সংস্থার তরফে জানানো হয়েছে, ১৩ থেকে ১৭ বছর বয়সি কোনো কিশোর-কিশোরী যখন তাঁদের অ্যাকাউন্ট থেকে চ্যাটজিপিটি ওপেন করবেন, তখন স্বয়ংক্রিয়ভাবে বা বাই-ডিফল্ট (By-default) এই ‘ChatGPT for Teens’ সংস্করণটিই ওপেন হবে।

কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা সুনিশ্চিত করতে এই মডেলে একাধিক কঠোর রক্ষাকবচ বা সেফটি ফিচার রাখা হয়েছে:

  • ক্ষতিকর কন্টেন্টে কড়া নিষেধাজ্ঞা: আত্মঘাতী হওয়ার প্রবণতা বাড়াতে পারে বা নিজের ক্ষতি করা সম্পর্কিত কোনো বিষয় নিয়ে সার্চ করলে এই চ্যাটবট থেকে কোনো উত্তর পাওয়া যাবে না। পাশাপাশি যৌনতা বা হিংসা ছড়াতে পারে এমন যেকোনো কন্টেন্টও সম্পূর্ণ ফিল্টার করে দেওয়া হবে।

  • বিশ্রামের তাগিদ ও স্টাডি মোড: একটানা স্ক্রিনের সামনে বসে থাকা রোধ করতে এতে যুক্ত করা হয়েছে ফ্রিকোয়েন্ট ব্রেক রিমাইন্ডার (Frequent Break Reminders), ব্ল্যাক-আউট কোয়াইট আওয়ার্স (Quiet Hours) এবং বিশেষ স্টাডি মোড। এর ফলে পড়ার ফাঁকে বিশ্রাম নেওয়ার কথাও মনে করিয়ে দেবে এআই।

  • অভিভাবকদের জন্য বিশেষ নজরদারি: এই ফিচারের মাধ্যমে টিনএজারদের প্রোফাইলটি তাঁদের বাবা-মা বা অভিভাবকদের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করার সুবিধা রাখা হয়েছে। সন্তান কোনো হাই-রিস্ক বা বিপজ্জনক কন্টেন্ট সার্চ করলে সেই বিষয়ে অভিভাবকরা তৎক্ষণাৎ নোটিফিকেশন পাবেন এবং চ্যাটলগও খতিয়ে দেখতে পারবেন।

  • সংযম ও গোপনীয়তা: চ্যাটবটটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ব্যবহারকারীর প্রতি এআই-এর কোনো অতিরিক্ত বা ব্যক্তিগত আবেগ প্রকাশ না পায়। এছাড়া এতে ভয়েস মোডটিও বন্ধ রাখা হয়েছে।

ম্যাক ব্যবহারকারীদের জন্য ‘কম্পিউটার হিস্ট্রি’ ফিচার অন্যদিকে, সাধারণ ব্যবহারকারীদের জন্য চ্যাটবটটিকে আরও বেশি প্রাসঙ্গিক ও কার্যকর করে তুলতে সম্প্রতি ‘Computer History’ নামের একটি নতুন ফিচারও নিয়ে এসেছে ওপেনএআই। macOS-এর ChatGPT ডেস্কটপ অ্যাপের জন্য তৈরি এই ফিচারের সাহায্যে ব্যবহারকারী তাঁর কম্পিউটারে বিভিন্ন অ্যাপ এবং ওয়েবসাইটে অতীতে কী কাজ করেছেন, তার প্রসঙ্গ মনে রেখে পরবর্তী উত্তর দিতে পারবে চ্যাটবটটি। তবে এই ফিচারটি টিনএজ অ্যাকাউন্টগুলিতে যুক্ত করা হবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানায়নি সংস্থাটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *