আমার বদলে অন্য মডেলের কুকীর্তি! ট্রেনের চাঞ্চল্যকর মারপিট কাণ্ডে নাম জড়িয়ে কী সাফাই দিলেন অন্তরা?

স্লিপার ক্লাসের টিকিট কেটে এসি কামরায় জোর করে সিট দখল, টিটি ও আরপিএফের সঙ্গে ধস্তাধস্তি এবং ব্লেড নিয়ে হামলার মতো গুরুতর অভিযোগে সম্প্রতি সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছিলেন মডেল-অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায় (Antara Banerjee)। মুম্বইয়ে কর্মরত জনপ্রিয় এই অভিনেত্রীর বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়ে যায়। তবে গোটা ঘটনায় এবার মুখ খুললেন খোদ অভিনেত্রী। তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে তাঁর দূরদূরান্ত পর্যন্ত কোনো যোগ নেই, পুরোটাই নিছক নামের মিলের কারণে এক চরম বিভ্রান্তি।
ঠিক কী অভিযোগ ছড়িয়েছিল? দিনকয়েক আগে খবর ছড়িয়ে পড়ে যে, সুরাটগামী ট্রেনের স্লিপার ক্লাসের টিকিট কেটে এক মহিলা এসি কোচে উঠে পড়েন এবং সিট নিয়ে এক যাত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে টিটি ও আরপিএফ কর্মীদের তলব করা হয়। অভিযোগ ওঠে, ওই মহিলা নাকি আচমকাই বিবস্ত্র হয়ে ব্লেড নিয়ে হামলা চালান এবং এই ঘটনায় এক সাব-ইন্সপেক্টর সহ দুজনেই আহত হন। পরবর্তীতে বিভিন্ন নিউজ পোর্টাল ও সামাজিক মাধ্যমে এই ঘটনার খবরের সঙ্গে অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করা হয়, যা দেখে হতবাক হয়ে যান তাঁর ভক্তরা।
কী বলছেন অভিনেত্রী অন্তরা? একটি প্রথম সারির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অন্তরা বন্দ্যোপাধ্যায় জানান, এই ঘটনায় তিনি সম্পূর্ণ স্তম্ভিত। তাঁর কথায়, “রবিবার সকাল থেকেই আমার ফোনে একের পর এক কল আসতে শুরু করে। সারাদিনে চারশোরও বেশি ফোন পেয়েছি। পরিবারকে ফোন করে বোঝাতে হয়েছে যে ওই অপরাধী মহিলা আমি নই। অথচ বিভিন্ন নিউজ পোর্টালে আমার ছবি ব্যবহার করে খবর ছড়ানো হয়েছে।”
খোঁজ নিয়ে অভিনেত্রী জানতে পেরেছেন, অভিযুক্ত মহিলাও পেশায় একজন মডেল এবং তাঁর সঙ্গে অন্তরার নামের বানান ও চেহারার অনেক মিল রয়েছে। এমনকি সেই মহিলার বাবার নাম সোহম হলেও, অভিনেত্রীর বাবার নাম সুব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁরা দুজনেই মুম্বইয়ের ভিন্ন এলাকায় থাকেন—একজন থাকেন থানেতে, অন্যজন অন্ধেরির যোগেশ্বরীতে। নামের এই অদ্ভুত সমাপাতেই ভুলবশত তাঁর ছবি ব্যবহার করা হয়েছে বলে দাবি অভিনেত্রীর। পাশাপাশি, যে সমস্ত সংবাদমাধ্যম বা পেজ তাঁর ছবি ব্যবহার করে এই বিভ্রান্তিকর খবর প্রচার করেছে, দ্রুত তা সংশোধন করার অনুরোধ জানিয়েছেন তিনি