মিউচুয়াল ফান্ড বাজারে বড় চমক! জিও-ব্ল্যাকরকের এই পদক্ষেপে সরাসরি লাভবান হবেন কারা?

ভারতীয় আর্থিক বাজারে বড়সড় পদক্ষেপ করল জিওব্ল্যাকরক অ্যাসেট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। রিলায়েন্সের জিও ফাইনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (JFSL) এবং বিশ্বের অন্যতম বৃহৎ ইনভেস্টমেন্ট ফার্ম ব্ল্যাকরক-এর ৫০:৫০ যৌথ উদ্যোগ এই সংস্থাটি এবার তাদের যোগ্য মিউচুয়াল ফান্ড স্কিমগুলিতে ‘রেগুলার প্ল্যান’ (Regular Plan) চালু করার কথা ঘোষণা করল। ১৭ অগাস্ট ২০২৬ থেকে কার্যকর হওয়া এই নতুন পদক্ষেপ বিনিয়োগকে আরও সহজলভ্য, অন্তর্ভুক্তিমূলক ও সুবিধাজনক করে তোলার ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।

কী সুবিধা মিলবে এই নতুন পদক্ষেপে? সংস্থার তরফে জানানো হয়েছে, মিউচুয়াল ফান্ড ব্যবসা শুরু করার পর থেকেই তারা ডিজিটাল বিনিয়োগের ওপর বিশেষ জোর দিয়েছিল। তবে এবার ‘রেগুলার প্ল্যান’ চালুর ফলে বিনিয়োগকারীরা রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরদের (MFD) মাধ্যমেও বিনিয়োগ করার সুযোগ পাবেন। এর ফলে বিনিয়োগকারীদের হাতে একাধিক বিকল্প থাকবে এবং জিওব্ল্যাকরকের স্কিমগুলিতে প্রবেশ করা আরও সহজ হবে। একই সঙ্গে কোম্পানির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরও প্রসারিত হবে এবং ভারতের ক্রমবর্ধমান ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস ইকোসিস্টেমের সঙ্গে অংশীদারিত্ব আরও দৃঢ় হবে।

কী বলছেন কর্তাব্যক্তিরা? জিওব্ল্যাকরক অ্যাসেট ম্যানেজমেন্টের এমডি ও সিইও সিড স্বামীনাথন জানিয়েছেন, “আমাদের লক্ষ্য হল বিনিয়োগকারীদের সহজ এবং গ্রাহক-কেন্দ্রিক সমাধানের মাধ্যমে আর্থিক বাজারের সুযোগ নিতে সাহায্য করা। সম্প্রতি আমাদের প্রিজম হাইব্রিড লং-শর্ট ফান্ডের প্রতি বিনিয়োগকারীদের প্রবল আগ্রহ প্রমাণ করেছে যে মানুষ এখন ভিন্নধর্মী বিনিয়োগের দিকে ঝুঁকছেন। রেগুলার প্ল্যান চালুর মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউটরদের সঙ্গে অংশীদারিত্ব আরও শক্তিশালী করছি এবং আরও বেশি বিনিয়োগকারীদের কাছে আমাদের সমাধান পৌঁছে দিচ্ছি।”

ব্ল্যাকরকের বিশ্বমানের বিনিয়োগ দক্ষতা এবং জিওর শক্তিশালী ডিজিটাল পরিকাঠামোর মেলবন্ধনে ভারতীয় বিনিয়োগ বাজারকে এক অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই বড় পদক্ষেপ করল জিওব্ল্যাকরক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *