বাপের মৃতদেহের আঙুলের ছাপ নিয়ে সম্পত্তি দখলের চেষ্টা! লখনউয়ের ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠবে রক্ত

বাবার শেষকৃত্য সম্পন্ন করে কাঁধে করে তাঁর শবযাত্রা বহন করার কথা যে সন্তানের, সেই ছেলে কিনা বাবার মৃত্যুর পর সম্পত্তির লোভে মৃতদেহের আঙুলের ছাপ নিয়ে দলিল সই করিয়ে নেওয়ার চেষ্টা করলেন! অত্যন্ত লজ্জাজনক ও পিশাচসুলভ এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের রহিমাবাদের খারৌহা গ্রামে। সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই এই জঘন্য কাণ্ড প্রকাশ্যে এসেছে, যা দেখে স্তম্ভিত হয়ে গেছেন সাধারণ মানুষ।

সূত্রের খবর, ৭২৫ বছর বয়সি ছত্রপালের প্রয়াণের পর তাঁর পরিবার ও গ্রামজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছিল। যখন সকলে মিলে বৃদ্ধের অন্ত্যেষ্টিক্রিয়ার শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই সময়ই মৃতের একমাত্র ছেলে মহেন্দ্রর বিরুদ্ধে এক মারাত্মক অভিযোগ ওঠে। অভিযোগ, সৎকার করার পরিবর্তে বাবার মৃতদেহের আঙুল জোর করে একটি সাদা কাগজে ছাপিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন ওই কুসন্তান।

ঘটনাটি এক গ্রামবাসীর চোখে পড়ায় তিনি সঙ্গে সঙ্গে পুরো বিষয়টি নিজের ক্যামেরায় রেকর্ড করে নেন। এরপরই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। মৃত পিতার প্রতি ন্যূনতম শ্রদ্ধা না দেখিয়ে এমন লোভী ও অমানবিক আচরণের তীব্র নিন্দা করেছেন নেটিজেনরা। এই ঘটনায় গোটা গ্রামজুড়ে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *