উত্তরাখণ্ডের জলবিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ ধস! সুড়ঙ্গ ভেঙে ৯ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, ভেতরে আটকে অনেকে

উত্তরাখণ্ডের চামোলি জেলার পিপলকোটি এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। জলবিদ্যুৎ প্রকল্পের একটি নির্মাণাধীন সুড়ঙ্গে হুট করে জল ঢুকে ধস নামায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন শ্রমিক। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। অন্যদিকে সুড়ঙ্গের ভেতরে এখনও আরও কিছু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন (টিএইচডিসি) লিমিটেডের এই প্রকল্পস্থলে নির্মাণকাজ পরিচালনা করছিল হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি (এইচসিসি)। ঘটনার খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ), আইটিবিপি এবং সেনাবাহিনীর দল। এছাড়া রুদ্রপ্রয়াগ থেকে এনডিআরএফ-এর একটি বিশেষ দলও দ্রুত উদ্ধারকাজে যোগ দেয়। চামোলির জেলাশাসক গৌরব কুমার নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো উদ্ধারকার্য তদারকি করেন।

উদ্ধার হওয়া ২৩ জনের মধ্যে ৯ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি আহত ১৪ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে পাহাড়ি এলাকায় লাগাতার বৃষ্টির জেরে পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে। সুড়ঙ্গের ভেতরে জল ঢুকে যাওয়ায় এবং একটি মেশিন লোডার ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকারী দলগুলোকে বিকল্প পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় জোশিমঠ থেকে ২০ সদস্যের ‘গড়ওয়াল স্কাউটস’-এর একটি দল অত্যাধুনিক সরঞ্জাম ও ডগ স্কোয়াড নিয়ে ঘটনাস্থলে যোগ দিয়েছে।

পুরো বিষয়ের ওপর ব্যক্তিগতভাবে নজর রাখছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি হাসপাতাল গিয়ে আহত শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন। গুরুতর আহতদের প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য হেলি-লিফটের মাধ্যমে অন্যত্র স্থানান্তরের ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের যে শ্রমিকেরা এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের ইতিমধ্যেই জানানো হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সুড়ঙ্গের ভেতর থেকে বাকিদের নিরাপদে বের করে আনাই এখন প্রশাসনের কাছে প্রধান চ্যালেঞ্জ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *