অন্নপূর্ণা যোজনায় বড় বদল! ভাতার নিয়ম শিথিল করল সরকার, জেনে নিন নতুন কারা পাচ্ছেন সুবিধা

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই জনকল্যাণমুখী প্রকল্প ও ভাতার কাঠামোতে এসেছে ব্যাপক পরিবর্তন। মমতা সরকারের আমলে চালু থাকা প্রকল্পগুলোর পাশাপাশি বর্তমান বিজেপি সরকারের আমলে নতুন করে চর্চায় এসেছে ‘অন্নপূর্ণা যোজনা’। বিশেষ করে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জন্য চালু হওয়া এই প্রকল্পে মাসে ৩,০০০ টাকা করে ভাতা পাওয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা। তবে আবেদনের পর যথাযথ ভেরিফিকেশনের মাধ্যমেই যোগ্য প্রার্থীদের এই সুবিধা দেওয়া হচ্ছে।
অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন গাইডলাইন ও বড় আপডেট
সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে। অনেকেই জানতে চাইছেন, ঠিক কারা এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন এবং নিয়ম শিথিল করার ফলে নতুন করে কারা সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।
মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট শর্তাবলি রয়েছে। যেমন—যেসব মহিলার মাসিক আয় ১০ হাজার টাকার বেশি, তারা এই ভাতার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। পাশাপাশি, যাদের বার্ষিক পারিবারিক আয় ১২ লক্ষ টাকার বেশি, তাদের নামও তালিকা থেকে বাদ যাবে। এছাড়াও আবেদনকারীর বয়স এবং জমির মালিকানার ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে।
নিয়ম শিথিল করল রাজ্য
তবে এবার সাধারণ মানুষের সুবিধার্থে বেশ কিছু ক্ষেত্রে নিয়ম শিথিল করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যারা ইতিমধ্যে দিব্যাঙ্গ ভাতা এবং পিএম কিষাণ যোজনার সুবিধা পাচ্ছেন, তারাও এখন থেকে অন্নপূর্ণা যোজনার সুবিধা নিতে পারবেন। অর্থাৎ, মহিলারা চাইলে একসঙ্গে দুটি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন। এছাড়া গ্রামীণ এলাকার ক্ষেত্রে তিন কক্ষ বিশিষ্ট বাড়ির নিয়মেও বড়সড় ছাড় দেওয়া হয়েছে।
আপনি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকেন এবং নতুন এই নিয়মাবলি মেনে আবেদন করতে চান, তবে সরকারি পোর্টাল বা নিকটস্থ ক্যাম্প অফিস থেকে বিশদ তথ্য জেনে নিতে পারেন। যোগ্য প্রার্থীদের জন্য ভাতার টাকা সরাসরি তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।