২৮ দিন জেলের ভেতর ঠিক কী হয়েছিল? শ্যাম্পেন-সুশি থেকে শুরু করে কয়েদিদের নাচ নিয়ে মুখ খুললেন রিয়া!

রিয়া চক্রবর্তী। নামটা শুনলেই ২০২০ সালের সেই তোলপাড় করা দিনগুলোর স্মৃতি ভিড় করে আসে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদককাণ্ডে জড়িয়ে দীর্ঘ ২৮ দিন জেলের অন্ধকার প্রকোষ্ঠে কাটাতে হয়েছিল তাঁকে। দীর্ঘ সময় পর সেই কঠিন ও অন্ধকার দিনগুলোর অভিজ্ঞতা নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন অভিনেত্রী। তাঁর দাবি, জেলের বাইরের তথাকথিত ঝকঝকে জগতের চেয়ে ভেতরের মানুষগুলো নাকি অনেক বেশি ভালো।
সম্প্রতি এক পডকাস্ট শো-তে এসে নিজের জীবনের সেই বিপর্যয়ের সময় নিয়ে খোলামেলা কথা বলেছেন রিয়া। তিনি জানান, জেলের পরিবেশ নিয়ে তাঁর মনে যে ধারণা ছিল, বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। অভিনেত্রীর কথায়, জেলের ভেতরে কোনো উঁচু-নিচু বা জাত-ধর্মের ভেদাভেদ থাকে না। সেখানে সবার একটাই পরিচয়—সবাই একটা নির্দিষ্ট নম্বর মাত্র। তাঁর মতে, বিচারাধীন বন্দি হিসেবে থাকা ওই নারীদের বেশিরভাগই ছিলেন সম্পূর্ণ নির্দোষ এবং তাঁরা একে অপরের পাশে দাঁড়িয়েছিলেন।
জেলের ভেতরে কীভাবে কাটত সময়?
কারাগারের কঠিন নিয়মের মধ্যেও কিছু মজার স্মৃতি খুঁজে নিয়েছিলেন রিয়া। তিনি জানান, সময় কাটাতে জেলের মহিলারা একসঙ্গে গান গাইতেন, নাচতেন। এমনকী মহারাষ্ট্রের বিখ্যাত মশলাদার খাবার ‘ঠেচা’-ও তৈরি করতেন তাঁরা। জেলের খাবার নিয়ে মজার ছলে রিয়া বলেন, সেখানে তো আর সুশি, শ্যাম্পেন বা বড়া পাও পাওয়া যেত না! এই সম্পূর্ণ অভিজ্ঞতার কথা একটি বইয়ের পাতায় বন্দি করছেন তিনি। রসিকতা করে বইটির নামও ভেবে রেখেছেন ‘চুড়েল কা বদলা’ বা ডাইনির প্রতিশোধ। এমন অভিজ্ঞতা তাঁর জীবনে এক সম্পূর্ণ নতুন শিক্ষা এনে দিয়েছে বলে জানান অভিনেত্রী।
আইনি স্বস্তি ও ক্লিনচিট
প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০২৫ সালের ২২ মার্চ সিবিআই এই মামলার ক্লোজার রিপোর্ট জমা দেয়। সেখানে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে আত্মহত্যা বলেই উল্লেখ করা হয় এবং আইনগতভাবে সম্পূর্ণ ক্লিনচিট পান রিয়া। এরপর নিজের আটক থাকা পাসপোর্টও ফিরে পান তিনি। বাবা-মায়ের সঙ্গে প্রথমবার বিদেশভ্রমণে যাওয়ার অভিজ্ঞতা স্মরণ করে রিয়া বলেন, ইমিগ্রেশনে যখন তাঁকে কেউ আটকালো না, তখন তাঁর বিশ্বাসই হচ্ছিল না। যখন অফিসার বললেন, ‘ম্যাডাম আপনি যেতে পারেন’, তখন এক অদ্ভুত মুক্তির স্বাদ পেয়েছিলেন তিনি।
জেল থেকে ফেরার পর বলিউড ইন্ডাস্ট্রির একাংশের আচরণও অনেকটাই বদলে গেছে বলে জানান রিয়া। তিনি জানান, তিনি কোনো ঘরে প্রবেশ করলেই নাকি উপস্থিত মানুষের কথাবার্তা হঠাৎ থমকে যেত এবং গম্ভীর পরিবেশ তৈরি হতো। তবে অতীতকে পেছনে ফেলে বর্তমানে নিজের কাজ নিয়ে ব্যস্ত রিয়া। বর্তমানে তাঁকে করণ জোহরের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটরস ২’-এ দেখতে পাওয়া যাচ্ছে।