১৭ অগাস্ট থেকে অন্নপূর্ণার ৩০০০ টাকা অ্যাকাউন্টে! কোন ৬টি প্রকল্প নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?

আগামী ১৭ আগস্ট থেকে রাজ্যের অত্যন্ত জনপ্রিয় ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana)-র টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্তমানে সেই লক্ষ্যেই প্রশাসনিক স্তরে প্রস্তুতি একেবারে তুঙ্গে। এরই মধ্যে অন্নপূর্ণা যোজনা সহ মোট ৬টি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রকৃত প্রাপকদের কাছেই পৌঁছবে প্রকল্পের সুবিধা
মঙ্গলবার বাঁকুড়ায় ৭টি জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠক থেকেই অন্নপূর্ণা যোজনা সহ ৬টি প্রকল্পের রূপায়ণ নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়ে তিনি বলেন, “৬টি প্রোজেক্ট যেন প্রকৃত প্রাপকদের কাছেই পৌঁছায়।” মুখ্যমন্ত্রীর মুখে উঠে আসা সেই ৬টি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো:
১. অন্নপূর্ণা যোজনা: এই প্রকল্পের অধীনে যাচাইকৃত (Verified) উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা পাঠানো হবে।
২. স্বাস্থ্যবিমা: আয়ুষ্মান ভারত এবং যারা আয়ুষ্মান ভারত পাবেন না, তাঁদের জন্য ‘মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যবিমা যোজনা’।
৩. বিকশিত ভারত (১২৫ দিনের কাজ): এই প্রকল্পের মাধ্যমে পরিবারপিছু বছরে ২৫,৫০০ টাকা পাওয়ার সংস্থান রয়েছে।
৪. প্রধানমন্ত্রী আবাস যোজনা: ইতিমধ্যে রাজ্যে ২৫ লক্ষ বাড়ির নাম নথিভুক্ত হয়েছে এবং প্রয়োজনে আরও বাড়ি চিহ্নিত করে তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
৫. প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা: রাজ্যে এখনও পর্যন্ত মাত্র সাড়ে ৪ হাজার বাড়িতে এই প্রকল্পের মাধ্যমে সোলার আলো লাগানো সম্ভব হয়েছে, যার পরিধি আরও বাড়াতে হবে।
৬. জল জীবন মিশন: ‘নল আছে, কিন্তু জল নাই’—এই সমস্যার সমাধান করে জল জীবন মিশনের কাজ দ্রুত সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
১৭ আগস্ট থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার
চলতি মাসে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকাতে কিছু দেরি হওয়ায় আবেদনকারীদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ দূর করেছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গত ১০ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছেন, তাঁদের ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আর যাঁদের ভেরিফিকেশন ইতিমধ্যেই হয়ে গেছে, তাঁদের অ্যাকাউন্টে আগামী ১৭ আগস্ট থেকে ৩,০০০ টাকা করে পাঠানো শুরু হবে। এছাড়া ১১ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে যাঁরা আবেদন করেছেন, তাঁদের ভেরিফিকেশনের কাজ দ্রুত শেষ করা হবে। মুখ্যমন্ত্রী আরও আশ্বাস দিয়ে বলেন, আগামী মাস থেকে যতদিন রাজ্যে বিজেপি সরকার থাকবে, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নিয়মিতভাবে অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।