জীতু কমলের নাম করে চলছে আর্থিক প্রতারণা! ভক্তদের বড় সতর্কবার্তা দিয়ে অভিনেতা বললেন, ‘পাদ্য দেবেন না…’

টলিউডের জনপ্রিয় অভিনেতা জীতু কমলের নাম ভাঙিয়ে সোশ্যাল মিডিয়া ও ফোনে চলছে বড়সড় আর্থিক প্রতারণা! অভিনেতার প্রতিনিধি বা ম্যানেজার সেজে সাধারণ মানুষের কাছ থেকে টাকা, উপহার এমনকি মূল্যবান জিনিস চাওয়ার পাশাপাশি অশালীন প্রস্তাব দেওয়ারও গুরুতর অভিযোগ উঠল। বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে এই চাঞ্চল্যকর স্ক্যামের কথা প্রকাশ্যে এনেছেন স্বয়ং অভিনেতা জীতু কমল।
নিজের অফিশিয়াল সোশ্যাল হ্যান্ডেলে ভক্ত ও অনুরাগীদের সতর্ক করে জীতু লিখেছেন, “যদি কেউ মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ফোনে আমার প্রতিনিধি সেজে আপনার সঙ্গে যোগাযোগ করে এবং আমার নামে টাকা, উপহার বা কোনো মূল্যবান জিনিস চায়—এমনকি তারা আমার নামে অশালীন প্রস্তাবও দেয়—দয়া করে তাদের পাত্তা দেবেন না বা এই ধরনের কোনো অনুরোধে সাড়া দেবেন না।”
পাশাপাশি অনুরাগীদের উদ্দেশ্যে তিনি আরও জানান, যদি ইতিমধ্যেই কারো সঙ্গে এমন কোনো প্রতারণার ঘটনা ঘটে থাকে, তবে যেন অবিলম্বে তাঁকে সরাসরি ডিরেক্ট মেসেজ (DM)-এর মাধ্যমে জানানো হয়। পোস্টে নির্দিষ্ট করে ট্যাগ করতে অথবা কমেন্টেও সেই বিষয়ে উল্লেখ করার অনুরোধ করেছেন তিনি। জীতুর স্পষ্ট বার্তা, তাঁর ম্যানেজার বা ঘনিষ্ঠ বন্ধু পরিচয়ে কিছু অসাধু চক্র এই ধরনের জঘন্য কাণ্ড ঘটাচ্ছে, যার বিরুদ্ধে ইতিমধ্যেই কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এনজিও ও সাম্প্রতিক কাজ:
উল্লেখ্য, মাসখানেক আগেই ‘জিতু কমল অ্যান্ড দ্য ইউনিভার্স সোশ্যাল ট্রাস্ট’ নামে একটি নতুন স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিও চালু করেছেন অভিনেতা। স্বামী বিবেকানন্দের আদর্শ এবং ‘দরিদ্র সেবাই শিবের শ্রেষ্ঠ পুজো’—এই মহান ব্রতকে সামনে রেখে দুস্থ মানুষের সাহায্য, টলিপাড়ার অভাবী কলাকুশলীদের পাশে দাঁড়ানো, বিনামূল্যে স্বাস্থ্য শিবির করা, কর্মসংস্থান তৈরি এবং পরিবেশ সংরক্ষণের মতো নানা কল্যাণমূলক কাজ পরিচালনা করতেই এই উদ্যোগ নিয়েছেন তিনি। তাঁর এই সমাজসেবামূলক কাজের প্রশংসা করে টলিউড সুপারস্টার জিৎ তাঁকে চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানান।
কাজের ক্ষেত্রে মাঝেমধ্যে কিছু বিতর্কের মুখে পড়তে হলেও বর্তমানে জীতুর অনুরাগীরা মুখিয়ে রয়েছেন তাঁর আগামী মেগা প্রজেক্টের জন্য। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন চলচ্চিত্র ‘মহারাজা তোমারে সেলাম’-এ খোদ সত্যজিৎ রায়ের ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জীতু কমলকে। এই ছবিটিতে তিনি ছাড়াও ঋত্বিক ভৌমিক ও রুদ্রনীল ঘোষের মতো প্রতিভাবান অভিনেতারা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।