বদলে যাচ্ছে রাজ্যের বাসস্টপের চেনা ছবি! কী কী বিরাট সুযোগ-সুবিধা আসছে সাধারণ মানুষের জন্য?

বদলে যেতে চলেছে রাজ্যের বাসস্টপগুলির চেনা চিত্র। সাধারণ মানুষের সুবিধা এবং নারী সুরক্ষার কথা মাথায় রেখে একগুচ্ছ আধুনিক প্রকল্পের ঘোষণা করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পাশাপাশি, শহর ও রাজপথের পরিচ্ছন্নতা বজায় রাখতে ১ সেপ্টেম্বর থেকে কঠোর জরিমানা চালুর কথাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

মন্ত্রী জানিয়েছেন, এবার থেকে রাজ্যের প্রতিটি বাসস্টপকে আধুনিক সুযোগ-সুবিধায় মুড়ে ফেলা হবে। বিশেষভাবে নজর দেওয়া হয়েছে মা ও শিশুদের স্বস্তির দিকে। প্রতিটি বাসস্টপে মায়েদের কথা মাথায় রেখে আলাদা ঘরের ব্যবস্থা থাকবে, যেখানে মায়েরা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে তাঁদের শিশুকে স্তন্যপান বা খাওয়াতে পারবেন। এর পাশাপাশি যাত্রীদের সুবিধার জন্য থাকবে বিশুদ্ধ পানীয় জল, কোল্ড ড্রিঙ্কস এবং হালকা খাবারের ভেন্ডিং মেশিন। নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতিটি বাসস্টপ মুড়ে ফেলা হবে সিসিটিভি (CCTV) নজরদারিতে। কোচবিহার ও মায়াপুরের মতো ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ শহরগুলিকে নিয়েও পৃথক পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

অন্যদিকে, শহরের জঞ্জাল ও বিশৃঙ্খলা রুখতে কড়া পদক্ষেপ করতে চলেছে প্রশাসন। মন্ত্রী ঘোষণা করেছেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে রাস্তাঘাট বা বাসস্টপে যত্রতত্র থুতু ফেলা এবং বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া জরিমানা বা ফাইন আদায় শুরু হবে। শহরের পরিচ্ছন্নতা ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *