‘দেশের প্রয়োজন আপনাদের!’ আগামী ৩০-৩৫ বছর ভারতের ভাগ্য নির্ধারণ নিয়ে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?

রাজধানীর বুকে দেশের ছাত্র-যুবদের বড়সড় আন্দোলনের আবহে প্রথমবার জনসভায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT)-র সমাবর্তন মঞ্চ থেকে দেশের তরুণ প্রজন্মের সক্ষমতা ও শক্তির ওপর পূর্ণ আস্থা প্রকাশ করলেন তিনি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে দেশের সবচেয়ে বড় শক্তি হল এই যুবসমাজই।

এদিন আইআইটি-র বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে (57th Convocation Ceremony) দেশের তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের ওপর আমাদের আস্থা আছে। দেশের প্রয়োজন আপনাদের।”

তরুণ প্রজন্মকে তাঁদের ঐতিহাসিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা সকলেই জানেন, প্রতিটি প্রজন্মকেই তার সময়ের সুনির্দিষ্ট চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয় এবং নির্দিষ্ট জাতীয় দায়িত্ব পালন করতে হয়। আগামী ৩০ থেকে ৩৫ বছরে আপনারা যা কিছু করবেন, তা ‘বিকশিত ভারত’-এর যাত্রাকে সরাসরি প্রভাবিত করবে। তাই আপনাদের নেওয়া প্রতিটি সিদ্ধান্তের মূল ভিত্তি হওয়া উচিত—এর ফলে দেশের কী লাভ হবে এবং এটি দেশের ঠিক কোন প্রয়োজন মেটাবে?”

চলমান পরিবর্তনশীল যুগে প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন যে, বিশ্বজুড়ে কৌশলগত সমীকরণ দ্রুত বদলাচ্ছে। প্রযুক্তির হাত ধরেই পাল্টে যাচ্ছে বিশ্বশক্তির ভারসাম্য। আগামী ২০ বা ৩০ বছরে বিশ্বের রূপ ঠিক কেমন হবে, তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। প্রযুক্তি, শিল্প এবং পেশা—সবকিছুরই আমূল পরিবর্তন ঘটবে। তবে এই বদলের স্রোতে টিকে থাকতে হলে নিরন্তর নতুন কিছু শেখার মানসিকতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি। মোদির সাফ বার্তা, যারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে থাকবেন, সফলতার সিঁড়ি তারাই চড়বেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *