হাতে শাটল, তাঁত মেশিনে অন্য মেজাজে অশোক দিন্দা! যা করলেন মন্ত্রী, ভাইরাল ভিডিও

অন্য মেজাজে অশোক দিন্দা! রাজনীতি ও মন্ত্রিত্বের ব্যস্ততা দূরে সরিয়ে তাঁত বুনে তাক লাগালেন রাজ্যের মন্ত্রী। জাতীয় তাঁত দিবসে বাংলার শিল্পীদের উৎসাহিত করতে সম্পূর্ণ এক অন্য ভূমিকায় দেখা গেল তাঁকে।

আত্মনির্ভরতা ও ‘মেক ইন ইন্ডিয়া’-র বার্তা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথেই হাঁটার ডাক দিয়েছেন বিশিষ্টজনেরা। নিজেদের দেশ ও রাজ্যের শিল্পকলাকে নিরন্তর প্রচেষ্টায় বাঁচিয়ে রেখেছেন হস্তশিল্পীরা। আর এই জাতীয় তাঁত দিবসে তাঁদের ঠিক পাশেই গিয়ে দাঁড়ালেন রাজ্যের কৃষি বিপণন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিমন্ত্রী অশোক দিন্দা।

জাতীয় তাঁত দিবস উপলক্ষে সম্প্রতি ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন, সোনাঝুড়ি হাট, এবং তাঁত ও হস্তশিল্পী গোষ্ঠীর যৌথ উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অশোক দিন্দা। তবে শুধু মঞ্চে বসে বক্তব্য রেখেই ক্ষান্ত থাকেননি তিনি; তাঁত শিল্পীদের অক্লান্ত পরিশ্রম ও নিখুঁত দক্ষতাকে কাছ থেকে অনুভব করতে নিজেই বসে পড়েন তাঁত মেশিনে এবং হাত চালান তাঁতে।

এই বিশেষ মুহূর্তের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মন্ত্রী লিখেছেন, “আমাদের বাংলার তাঁতশিল্প ও হস্তশিল্প শুধু আমাদের ঐতিহ্য নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য শিল্পী ও কারিগরের জীবন-জীবিকা। তাঁদের সৃজনশীলতা, পরিশ্রম ও ঐতিহ্যকে সম্মান জানানো এবং তাঁদের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব। বাংলার তাঁত ও হস্তশিল্পের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ ও বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা সকলে একসঙ্গে এগিয়ে চলি।” মন্ত্রীর এমন সরব উপস্থিতি ও শিল্পপ্রীতি ইতিমধ্যেই নেটদুনিয়ায় প্রশংসার ঝড় তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *