নিম্নচাপের জেরে ফের দুর্যোগ! সপ্তাহান্তে কোন কোন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস?

কাকভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। শহর থেকে শুরু করে শহরতলি— শনির ভোরের পর থেকেই একটানা বৃষ্টিতে ভিজছে তিলোত্তমা। যদিও সকালের দিকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদিনই দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু কলকাতাই নয়, নিম্নচাপের জেরে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতার আজকের আবহাওয়া
শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ মূলত মেঘলা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন প্রান্তে কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
-
তাপমাত্রা: আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস-এর কাছাকাছি।
-
গতকালের পারদ: গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি কমে ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় শহরে ৯.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া ও সতর্কতা
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুর্যোগের আশঙ্কা বেশি রয়েছে বেশ কিছু জেলায়।
-
ভারী বৃষ্টির সতর্কতা (হলুদ সতর্কতা): পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূমে এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত) হতে পারে।
-
দমকা হাওয়া: দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া ও সতর্কতা
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির স্পেল অব্যাহত থাকবে।
-
উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
-
বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলার এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেমি) সম্ভাবনা রয়েছে।
-
পাশাপাশি, উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সময় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।