দেব-শুভশ্রী-অনির্বাণের ‘দেশু ৭’-এর শ্যুটিং ফ্লোর থেকে ছবি ফাঁস! রাজনীতির ময়দানে নেত্রীর লুকে ধরা দিলেন শুভশ্রী

পুজোয় বক্স কাঁপাতে জোরকদমে চলছে দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য অভিনীত মেগা প্রজেক্ট ‘দেশু ৭’ (Deshu 7)-এর কাজ। সম্প্রতি ছবিটির একটি রুদ্ধশ্বাস ফার্স্ট লুক পোস্টার মুক্তি পেয়েছিল, যেখানে ধ্বংসস্তূপ ও বারুদের পটভূমিতে দেবের কাঁধে রাইফেল এবং শুভশ্রীর রক্তমাখা সাদা পোশাক দেখে স্পষ্ট হয়ে গিয়েছিল যে, এই ছবিতে নিছক রোম্যান্সের বাইরেও রয়েছে বড় কোনো সংঘাতের গল্প। আর এবার সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গেল ‘দেশু ৭’-এর শ্যুটিং স্টিল ও ভিডিও, যা থেকে পরিষ্কার হয়ে গেল যে এই সিনেমায় জমজমাট রাজনীতির ছাপ থাকতে চলেছে।

ফাঁস হওয়া শ্যুটিংয়ের দৃশ্যে কী দেখা গেল?
ভাইরাল হওয়া শ্যুটিংয়ের দৃশ্যটি গত ৩১ জুলাই সকালের নলবনের। ফাঁস হওয়া ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে—

একটি হুডখোলা ফুলের সাজানো গাড়িতে বসে রয়েছেন শুভশ্রী ও অনির্বাণ। দুজনেই গলায় মালা পরে আছেন।

শুভশ্রীকে দেখা গেছে বিস্কিট রঙের সরু পাড়ের শাড়ি, খোলা চুল ও নামমাত্র মেকআপে। অন্যদিকে অনির্বাণের পরনে প্যান্ট-শার্ট ও জহর কোট।

গাড়িটিতে একটি রাজনৈতিক দলের সংকেতবাহী পাতাকাও টাঙানো রয়েছে।

খবর অনুযায়ী, এই ছবিতে শুভশ্রীর চরিত্রের নাম ডা. শুভস্মিতা চৌধুরী, যিনি ‘সীমান্তপুর’ নামক একটি গ্রাম থেকে নির্বাচনে লড়ছেন। পাশাপাশি, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকেও দেখা যাবে এক পোড় খাওয়া রাজনৈতিক নেতার চরিত্রে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। শ্যুটিং ফ্লোরে জিপের পাশে দাঁড়িয়ে পরিচালক দেবকে অত্যন্ত মন দিয়ে শুভশ্রী ও অনির্বাণকে শট বুঝিয়ে দিতেও দেখা গেছে।

রেকর্ড ভাঙা প্রিমিয়ার এবং মুক্তির তারিখ
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্ট মাসের মধ্যেই ‘দেশু ৭’-এর সম্পূর্ণ শ্যুটিং শেষ হয়ে যাওয়ার কথা। এরপর আসন্ন পুজোতেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দেব-শুভশ্রী-অনির্বাণ জুটির এই বহুল প্রতীক্ষিত সিনেমা।

তবে এই ছবির সবচেয়ে বড় বিস্ময় হলো এর প্রিমিয়ারের উন্মাদনা। ছবির প্রথম শো নির্ধারিত রয়েছে ১৬ অক্টোবর ২০২৬ সকাল সাড়ে সাতটায়। আর অবাক করা কান্ড হলো, সিনেমার গল্প বা ট্রেলার সামনে আসার আগেই— অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি মাসেই ছবিটির প্রিমিিয়ারের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় এবং মুহূর্তের মধ্যে তা হাউসফুল হয়ে যায়! বাংলা ইন্ডাস্ট্রির ইতিহাসে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। এই বিশেষ ‘গোল্ডেন টিকিট’-এর সঙ্গে ভক্তরা পেয়ে যাবেন দেব ও শুভশ্রীর অটোগ্রাফও।

উল্লেখ্য, একসময়ে দেব ও শুভশ্রীর প্রেম টলিউডের ওপেন সিক্রেট থাকলেও পরবর্তীতে তাঁদের সম্পর্কে ফাটল ধরে এবং বহু বছর দু’জনের মুখ দেখাদেখি বন্ধ ছিল। কিন্তু গত বছর বরফ গলে, আর এবার পর্দায় এই জনপ্রিয় জুটির কামব্যাক ঘিরে অনুরাগীদের উত্তেজনা এখন তুঙ্গে।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *