“নীল-সাদা অতীত, এল গেরুয়া রং”-সরকারি স্কুলের খাতার এ বার রং বদল, উচ্ছসিত পড়ুয়ারা

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাব এবার সরাসরি এসে পড়ল সরকারি স্কুলের খাতায়। ছাত্র-ছাত্রীদের পরিচিত নীল-সাদা খাতা এখন অতীত, তার জায়গা নিল গেরুয়া রঙের খাতা। শুধু রঙের বদলই নয়, খাতার মলাট থেকে বিশ্ববাংলার লোগো সরিয়ে সেখানে বসানো হয়েছে জাতীয় প্রতীক ‘অশোক স্তম্ভ’। এমনকি নতুন খাতায় আর দেখা মিলছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও, পরিবর্তে নতুন খাতায় রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি।

১. নতুন খাতা পেয়ে উচ্ছ্বসিত পড়ুয়ারা

ইতিমধ্যেই রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলার ইংরেজবাজার শহরের বিভিন্ন স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের হাতে নতুন খাতা তুলে দেওয়া হয়েছে। নতুন এই খাতা হাতে পেয়ে খুশি ছাত্র-ছাত্রীরা। খাতা পেয়ে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীকে ধন্যবাদও জানিয়েছে।

জেলা শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, পঞ্চম থেকে দশম শ্রেণির পাঠ্যক্রম শুরু হয় বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে। সেই সময় রাজ্যে আগের সরকার থাকায় ছাত্র-ছাত্রীরা নীল-সাদা রঙের খাতা পেয়েছিল।

২. কেন এই পরিবর্তন?

একাদশ ও দ্বাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষ বা পাঠ্যক্রম শুরু হয় জুন মাস থেকে। সেইমতো সরকার পরিবর্তনের পরই জুলাই মাসে পড়ুয়ারা হাতে পেল এই নতুন গেরুয়া রঙের খাতা। শুধু মলাট বা রঙের পরিবর্তনই নয়, আগের তুলনায় নতুন এই খাতাগুলির কাগজের মান ও পাতার গুণগত মানও উন্নত করা হয়েছে। মালদার ইংরেজবাজার শহরের ঐতিহ্যবাহী বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়ে ঘটা করে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদের হাতে শিক্ষিকারা নতুন খাতা তুলে দেন।

৩. পাঠ্যক্রম ও সিলেবাস বদলের ইঙ্গিত

বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দীপশ্রী মজুমদার সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে তাঁদের স্কুলে একাদশ ও দ্বাদশের প্রায় ৪০০ ছাত্রী রয়েছে এবং প্রত্যেক ছাত্রীকে তিনটি করে নতুন খাতা দেওয়া হয়েছে। আপাতত শুধু খাতা দেওয়া হলেও বই বা সিলেবাস বদল নিয়ে আগামী দিনে বড় পদক্ষেপের আশা করা হচ্ছে। প্রধান শিক্ষিকার মতে, আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন বই আসার পাশাপাশি সিলেবাসেও পরিবর্তন আসতে পারে এবং সমস্ত ক্লাসের পড়ুয়ারা এই নতুন খাতা হাতে পাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *