অনলাইন পেমেন্টের ঠিক আগেই বদলে যায় বিলের অঙ্ক? ‘ডার্ক প্যাটার্ন’ জালিয়াতিতে ৯ সংস্থাকে লক্ষ লক্ষ টাকা জরিমানা কেন্দ্রের

অনলাইনে নিত্যপ্রয়োজনীয় জিনিস অর্ডার দেওয়া হোক, সিনেমার টিকিট কাটা কিংবা কোনো অনলাইন কোর্সে ভর্তি হওয়া— মোবাইলের স্ক্রিনে প্রথমে দেখানো দাম দেখে মনে হয় বেশ সাধ্যের মধ্যেই রয়েছে। কিন্তু আসল বিপত্তি ঘটে ঠিক পেমেন্টের আগের মুহূর্তে! চূড়ান্ত পেমেন্টের ঠিক আগেই হঠাৎ বদলে যায় বিলের অঙ্ক। অনায়াসে জুড়ে যায় অদৃশ্য ‘হ্যান্ডলিং ফি’ বা প্রিমিয়াম মেম্বারশিপের চার্জ। প্রথম দর্শনে এই অঙ্কগুলো সামান্য মনে হলেও, বারবার একাধিক অনলাইন লেনদেনের মাধ্যমে এই ছোট ছোট চার্জগুলোই নিঃশব্দে এক বিশাল আর্থিক বোঝার সৃষ্টি করে।
ডিজিটাল প্ল্যাটফর্মে চোখধাঁধানো অফারের আড়ালে এই ধরনের ‘ডার্ক প্যাটার্ন’ (Dark Patterns) বা বিভ্রান্তিকর ইন্টারফেস ব্যবহার করে গ্রাহকদের সিদ্ধান্ত প্রভাবিত করা ও প্রতারণা করার অভিযোগে এবার অত্যন্ত কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি রাজ্যসভায় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিমান সংস্থা ইন্ডিগো, কুইক-কমার্স সংস্থা জেপ্টো, অনলাইন শিক্ষা সংস্থা ফিজিক্স ওয়ালা এবং স্পাইসজেট-সহ দেশের মোট ৯টি নামী ডিজিটাল প্ল্যাটফর্মকে বড় অঙ্কের জরিমানা করেছে কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (CCPA)।
কোন সংস্থার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ?
সিসিআই (CCPA)-এর নজরে আসা এবং শাস্তির মুখে পড়া প্রধান কয়েকটি সংস্থা ও তাদের কারসাজির ধরনগুলি এক নজরে দেখে নেওয়া যাক:
১. জেপ্টো (Zepto): জনপ্রিয় কুইক-কমার্স প্ল্যাটফর্ম ‘জেপ্টো’-র ক্ষেত্রে সিসিপিএ দেখেছে, এই অ্যাপে কেনাকাটার শুরুতে তুলনামূলক কম দাম দেখানো হলেও চেক-আউটের সময়ে হ্যান্ডলিং চার্জ এবং মেম্বারশিপ ফি স্বয়ংক্রিয়ভাবে কার্টে যোগ হয়ে যাচ্ছিল। নিয়ামক সংস্থার মতে, শেষ মুহূর্তে অতিরিক্ত ফি যোগ করা এক প্রকার ‘ডিপ প্রিসিং’ (Deep Pricing) এবং নিজের থেকে মেম্বারশিপ ফি যুক্ত করা ‘বাস্কেট স্নিকিং’ (Basket Sneaking)-এর শামিল। এই অভিযোগে ‘জেপ্টো মার্কেটপ্লেস’-কে ৭ লক্ষ টাকা জরিমানা করেছে সিসিপিএ। অবশ্য জরিমানার পর সংস্থাটি ওই ক্ষতিকর ফিচারটি বন্ধ করে দিয়েছে।
২. বুকমাইশো (BookMyShow): টিকিট বুকিং প্ল্যাটফর্ম ‘বুকমাইশো’-কে তাদের চ্যারিটি উদ্যোগ ‘বুক-আ-স্মাইল’-এর জন্য স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া ১ টাকার ফিচারটি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। ১ টাকার অঙ্কটি ছোট হলেও, ঘরটি আগে থেকেই ‘টিক’ করা থাকত, যা সরাতে গ্রাহককে আলাদা করে সচেতন হতে হতো। সিসিপিএ এটিকে স্পষ্ট ‘বাস্কেট স্নিকিং’ বলে অভিহিত করেছে।
৩. ইন্ডিগো (IndiGo): বিমান টিকিট বুকিংয়ের ক্ষেত্রে গ্রাহকদের মানসিক চাপে ফেলার অভিযোগে ‘ইন্ডিগো’-র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আগে বিমা বা অতিরিক্ত পরিষেবা না নিলে অ্যাপে উস্কানিমূলক বার্তা ভেসে উঠত— ‘না, আমি ঝুঁকি নিচ্ছি।’ সিসিপিএ-র হস্তক্ষেপে বর্তমানে সেই বার্তা বদলে সাধারণ একটি বাক্য লিখে দেওয়া হয়েছে— ‘না, আমি ট্রিপের সঙ্গে অতিরিক্ত পরিষেবা যোগ করতে চাই না।’
৪. ফিজিক্স ওয়ালা (Physics Wallah): অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ‘ফিজিক্স ওয়ালা’-র বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ, তাদের অ্যাপে ‘পিডাব্লিউ ফাউন্ডেশন’-এর জন্য ১০ টাকার অনুদানের ঘরটি আগে থেকেই ‘টিক’ করা থাকত এবং গ্রাহক যাতে তা বাতিল না করেন, তার জন্য ইমোশনাল মেসেজ দেখানো হতো। এর পাশাপাশি বিনামূল্যে কোর্স পাওয়ার নামে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে বাধ্য করা হতো। কেন্দ্র জানিয়েছে, সংস্থাটি জরিমানা জমা দিয়ে ওই বিভ্রান্তিকর ফিচার তুলে নিয়েছে।
৯টি সংস্থাকে প্রায় ২০ লক্ষ টাকা জরিমানা
এই কড়া পদক্ষেপ শুধু এই কয়েকটি সংস্থার মধ্যেই সীমাবদ্ধ নেই। গ্রাহক ঠকানোর কৌশলের দায়ে জরিমানা করা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলির মধ্যে রয়েছে:
ফার্স্টক্রাই (FirstCry): ২ লক্ষ টাকা
অনুজ জিন্দল ডট ইন (Anuj Jindal): ৩ লক্ষ টাকা
ফার্মইজি (PharmEasy): ১ লক্ষ টাকা
ম্যাকাফি (McAfee): ১ লক্ষ টাকা
স্পাইসজেট (SpiceJet): ১ লক্ষ টাকা
এই প্ল্যাটফর্মগুলিকে হিডেন চার্জ, জোরপূর্বক সাবস্ক্রিপশন, ভুয়ো কাউন্টডাউন টাইমার এবং বিভ্রান্তিকর রিনিউয়াল প্রম্পটের মতো সমস্ত ‘ডার্ক প্যাটার্ন’ অবিলম্বে স্থায়ীভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র।
সরকারের পরবর্তী পদক্ষেপ
২০২৫ সালের জুন মাসে ই-কমার্স প্ল্যাটফর্মগুলিকে নিজ উদ্যোগেই এই ধরনের ‘ডার্ক প্যাটার্ন’ চিহ্নিত করে তা বন্ধ করার জন্য একটি কঠোর নির্দেশিকা জারি করেছিল সিসিপিএ। কিন্তু সেই নিয়ম লঙ্ঘন করার অপরাধেই ইতিমধ্যেই এই সংস্থাগুলির থেকে প্রায় ২০ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে কেন্দ্রীয় নিয়ামক সংস্থা। সরকারের এই পদক্ষেপে ভবিষ্যতে অনলাইন গ্রাহকরা যে আরও বেশি সুরক্ষিত থাকবেন, তা বলাই বাহুল্য।