আমি বিরোধী মুখ হব না! বাঁকিপুর জয়ের পর নিজের পরবর্তী রাজনৈতিক চাল নিয়ে মুখ খুললেন পিকে

বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বিজেপিকে এক প্রকার ধুলিস্বাৎ করে প্রশান্ত কিশোরের (Prashant Kishor) জয় এখন জাতীয় রাজনীতির অন্যতম চর্চিত বিষয়। গেরুয়া শিবিরের শক্তঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুরে পিকের এই জয় বিহারের রাজনৈতিক সমীকরণে বড়সড় বদল আনতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অনেকের মতেই, এনডিএ (NDA) এবং আরজেডি (RJD)-র বাইরে বিহারে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে ‘জন সূরজ পার্টি’-র উত্থানের পথ আরও প্রশস্ত করল এই ফল।
এই জয়ের পর থেকেই রাজনৈতিক মহলে জোরালো জল্পনা শুরু হয়েছে—তবে কি এবার অদূর ভবিষ্যতে বিহারের রাজনীতিতে প্রধান বিরোধী মুখ হিসেবে উঠে আসছেন প্রশান্ত কিশোর? সমস্ত জল্পনায় জল ঢেলে নিজেই মুখ খুললেন তিনি।
কী বললেন প্রশান্ত কিশোর?
News18-কে দেওয়া একান্ত এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি প্রচলিত অর্থে বিরোধী শিবিরের কোনো নির্দিষ্ট মুখ হতে চান না।
এই প্রসঙ্গে পিকে বলেন, ‘আমি বিরোধী শিবিরের মুখ হব না। বরং আমি বিহারের সেই জনতার মুখ হয়ে উঠব যাঁরা মানুষের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চান। আমরা সেই মানুষের প্রতিনিধিত্ব করব।’ একইসঙ্গে তিনি দাবি করেন, বাঁকিপুরের এই নির্বাচন সরকারের বিরুদ্ধে এক প্রকার ‘গণভোট’ ছিল এবং সাধারণ মানুষ বর্তমান সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছেন।
বিশ্লেষকদের মতে, বাঁকিপুরের এই জয় শুধু একটি আসনের লড়াই নয়, বরং বিহারের রাজনীতিতে পিকের দীর্ঘমেয়াদী রণকৌশলের প্রথম বড় সাফল্য। এখন দেখার, আগামী দিনে তাঁর এই ‘জনতা কেন্দ্রিক’ নীতি বিহারের রাজনীতিতে কতটা প্রভাব ফেলে।