সরকারি কর্মীদের জন্য বড় খবর! জিপিউএফ-এর সুদের হার নিয়ে বিরাট ঘোষণা রাজ্য সরকারের!

সরকারি কর্মীদের অবসরকালীন সঞ্চয়ের অন্যতম প্রধান ভরসা ‘জেনারেল প্রভিডেন্ট ফান্ড’ বা জিপিউএফ (GPF)। এই ফান্ডে জমা থাকা টাকার ওপর ঠিক কী হারে সুদ দেওয়া হবে, তা নির্দিষ্ট সময় অন্তর ঘোষণা করে থাকে সরকার। এবার সেই সুদের হার নিয়েই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর। ২০২৬-২৭ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের জন্য জিপিউএফ এবং কয়েকটি সমজাতীয় তহবিলে সুদের হার স্পষ্ট করে জানানো হয়েছে, যার ফলে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মীদের সঞ্চয় নিয়ে সমস্ত ধোঁয়াশা কেটে গেছে।
পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেনারেল প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার ওপর বার্ষিক ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হবে। চলতি অর্থবর্ষের ওই তিন মাসের জন্য এই সুদের হারই কার্যকর থাকবে। তবে শুধু জিপিউএফ একা নয়, আরও বেশ কয়েকটি প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রেও একই হারে সুদ প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (CPF), পশ্চিমবঙ্গ নন-গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড লোকাল অথরিটিজ (CPFE) অ্যাক্ট, ১৯৮৩-এর আওতায় থাকা বিভিন্ন প্রভিডেন্ট ফান্ড এবং রাজ্য সরকারের অনুমোদিত অন্যান্য তহবিল, যেগুলি সরাসরি রাজ্য অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হয়।
উল্লেখ্য, সরকারি কর্মীদের দীর্ঘমেয়াদি আর্থিক সঞ্চয়ের অন্যতম শক্তিশালী ভিত্তি হলো এই জিপিউএফ। প্রতিমাসে বেতনের একটি নির্দিষ্ট অংশ এই তহবিলে জমা হয় এবং নির্দিষ্ট হারে সুদ যোগ হয়ে অবসরের সময় তা একটি বিশাল অঙ্কের অর্থে পরিণত হয়, যা কর্মীদের ভবিষ্যৎ নিরাপত্তায় মূখ্য ভূমিকা পালন করে। সরকারি সূত্রে জানানো হয়েছে, বাজারের ওঠানামা বা কোনো আর্থিক ঝুঁকির প্রভাব এই তহবিলে পড়ে না বলেই একে সবচেয়ে নিরাপদ মাধ্যম বলে মনে করেন কর্মীরা। নতুন এই নির্দেশিকা জারির ফলে আগামী সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত রাজ্যের লক্ষাধিক কর্মী তাঁদের সঞ্চয় সংক্রান্ত আর্থিক পরিকল্পনা আরও সুনিশ্চিতভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।