অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট! কবে হাতে পাবেন নতুন বেতন? জানাল কেন্দ্র

গত বছর মোদী সরকারের পক্ষ থেকে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনের ঘোষণার পর থেকেই সরকারি কর্মীদের মধ্যে তীব্র জল্পনা ও উৎসাহ শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে এটি কার্যকর হওয়ার কথা থাকলেও, কমিশনের কাজের অগ্রগতি নিয়ে নানা মহলে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আর ঠিক এই আবহেই সংসদে অষ্টম বেতন কমিশন নিয়ে নিজেদের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করল কেন্দ্র সরকার।

রাজ্যসভায় অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে কমিশনের কাজের বর্তমান গতিপ্রকৃতি এবং এর নির্ধারিত সময়সীমা সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য।

কী জানাল অর্থ মন্ত্রক?
রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান যে, সরকার ২০২৫ সালের ৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে অষ্টম বেতন কমিশন গঠন করেছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামোগত পরিবর্তনের সুপারিশ জমা দেওয়ার জন্য এই কমিশনকে মোট ১৮ মাস সময় বেঁধে দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, এই নির্ধারিত সময়সীমার মধ্যে কমিশনকে সরকারের কাছে কোনো অন্তর্বর্তীকালীন আপডেট বা রিপোর্ট জমা দিতে হবে না। তারা সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পাবে। সরকারের বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ৩ মে-র মধ্যে অষ্টম বেতন কমিশনকে তাদের চূড়ান্ত সুপারিশপত্র জমা দিতে হবে। এরপর সেই সুপারিশ খতিয়ে দেখে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি ও অন্যান্য সুযোগ-সুবিধা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

কবে থেকে কার্যকর হবে নতুন বেতন?
কর্মীদের মনে সবথেকে বড় যে প্রশ্নটি ঘোরাফেরা করছে, তা হলো—কমিশন রিপোর্ট জমা দিতে তো ২০২৭ সাল গড়িয়ে যাবে, তবে কি বকেয়া টাকা বা নতুন বেতন পেতে ততটাই দেরি হবে?

এই বিষয়ে সরকারের পূর্বঘোষণা অনুযায়ী স্পষ্ট করে জানানো হয়েছে যে, কমিশন যবেই তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিক না কেন, তার আর্থিক ও কাঠামোগত সুবিধা ১ জানুয়ারি ২০২৬ তারিখ থেকেই কার্যকর বলে গণ্য হবে। অর্থাৎ, রিপোর্ট জমা পড়তে দেরি হলেও কর্মীরা ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই বর্ধিত বেতনের বকেয়া সহ সমস্ত সুবিধা পাওয়ার যোগ্য হবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *