একধাক্কায় ৫০০ টাকা বাড়ল বিধবা ও বার্ধক্য ভাতা! ১ আগস্ট থেকেই কি অ্যাকাউন্টে ঢুকছে ১৫০০ টাকা?

রাজ্য সরকারের পক্ষ থেকে বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা একধাক্কায় ৫০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। সেই সঙ্গেই বাড়ানো হয়েছে প্রতিবন্ধী ভাতাও। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ আগস্ট থেকেই বর্ধিত হারে অর্থাৎ ১৫০০ টাকা করে ভাতা দেওয়া শুরু হবে। এই আবহে বহু উপভোক্তাই তাঁদের আবেদনের বর্তমান পরিস্থিতি বা স্ট্যাটাস নিয়ে চিন্তায় রয়েছেন। তবে সাধারণ মানুষ এখন চাইলেই খুব সহজেই বাড়ি বসে অনলাইনে এই প্রকল্পগুলির (Government Scheme) স্ট্যাটাস চেক করে নিতে পারেন।
গত জুন মাসে আয়োজিত বিভিন্ন জনকল্যাণ শিবির থেকে অনেকেই বিধবা ও বার্ধক্য ভাতার ফর্ম তুলেছিলেন। সেগুলি সঠিকভাবে পূরণ করে জমা দেওয়ার পর আবেদন কোন পর্যায়ে রয়েছে, তা নিয়েই অনেকের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে ঘরে বসেই বিধবা, বার্ধক্য ও মানবিক ভাতার স্ট্যাটাস যাচাই করার সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থা রয়েছে।
এই প্রকল্পগুলির স্ট্যাটাস চেক করতে হলে প্রথমে রাজ্য সরকারের নির্দিষ্ট ‘সামর্থ্য’ (Samarth) পোর্টালে প্রবেশ করতে হবে। সেখানে ‘ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট ও ভিউ পেমেন্ট স্ট্যাটাস’ অপশনটি বেছে নিতে হবে। এরপর রাজ্য সরকারের সমস্ত কল্যাণকারী প্রকল্পের তালিকা সামনে আসবে, যার মধ্য থেকে নিজের নির্দিষ্ট প্রকল্পটি বেছে নিতে হবে।
যেমন—বিধবা ভাতার স্ট্যাটাস জানতে চাইলে ‘WCD Widow Pension’, বার্ধক্য ভাতার জন্য ‘WCD Old Age Pension’ এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে ‘WCD Manabik’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘সার্চ ইউজিং’ অপশন থেকে মোবাইল নম্বর, বেনিফিশিয়ারি আইডি কিংবা অন্যান্য অনুমোদিত পরিচয়ের মধ্যে যেকোনো একটি বেছে নিয়ে তা নির্দিষ্ট বক্সে দিতে হবে। সবশেষে ক্যাপচা কোডটি সঠিকভাবে বসিয়ে দিলেই স্ক্রিনে আবেদনের বর্তমান স্ট্যাটাস ও পেমেন্টের আপডেট চলে আসবে।
উল্লেখ্য, অতীতে এই ভাতাগুলি ১ হাজার টাকা করে দেওয়া হলেও বর্তমান রাজ্য বাজেটেই তা ৫০০ টাকা করে বাড়ানোর ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণা অনুযায়ী আগামী ১ আগস্ট থেকেই সমস্ত যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্ধিত হারে ১৫০০ টাকা করে জমা হতে শুরু করবে।