আর মাত্র ১০ বছর! পৃথিবীতে মানুষের নিয়ন্ত্রণ শেষ হতে চলেছে? ইলন মাস্কের মন্তব্যে শোরগোল

বর্তমান যুগে প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে জীবনযাত্রা। চ্যাটজিপিটি, জেমিনি বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-এর কল্যাণে এখন নিমিষেই হাতের মুঠোয় চলে আসছে বহু জটিল তথ্য। যে সমস্ত কাজ সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগত, এআই-এর সাহায্য তা এখন চোখের পলকে হয়ে যাচ্ছে। দিন দিন এআই যেমন তার শক্তি বাড়াচ্ছে, তেমনই নিজের কার্যক্ষেত্রও বিস্তৃত করছে বহুগুণ। বিশ্বের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার অবাক করা দাপট দেখা যাচ্ছে না।
১০ বছরের মধ্যেই পৃথিবীর নিয়ন্ত্রণ চলে যাবে বটের হাতে!
প্রযুক্তির এই দ্রুত অগ্রগতির মাঝেই এক চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী করেছেন বিশ্বের অন্যতম ধনী প্রযুক্তি শিল্পপতি ইলন মাস্ক (Elon Musk)। সম্প্রতি একটি পডকাস্টে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেছেন, যেভাবে এআই-এর বিস্তার ঘটছে, তাতে আগামী ১০ বছরের মধ্যেই পৃথিবী ও সমস্ত ব্যবস্থার নিয়ন্ত্রণ চলে যাবে এআই এবং বটের হাতে। এখানে ‘বট’ বলতে অটোমেটেড সফটওয়্যার প্রোগ্রামগুলির কথা বোঝানো হয়েছে, যা ইন্টারনেটে অবিশ্বাস্য গতিতে যেকোনো কাজ সম্পন্ন করতে সক্ষম।
মাস্কের মতে, আগামী ২০৩৬ সালের মধ্যেই পৃথিবীর ওপর থেকে নিয়ন্ত্রণ হারাতে পারে মানবজাতি। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতায় বলীয়ান এই বটগুলি এতখানি শক্তিশালী হয়ে উঠবে যে, আগামী এক দশকেই তারা বিশ্বশাসনের রাশ নিজেদের হাতে তুলে নেবে। তাঁর বিশ্বাস, বটগুলি এতখানি বুদ্ধিমান হয়ে উঠবে যে মানবসভ্যতার কাছে তাদের অসাধ্য বলে আর কিছুই থাকবে না।
এআই থামানোর আর কোনো উপায় নেই?
ইলন মাস্ক মনে করেন, মানুষ যতই বুদ্ধিমান হোক না কেন, আগামী দিনে বটের বুদ্ধিমত্তার সঙ্গে কোনোভাবেই এঁটে উঠতে পারবে না। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটের এই রথযাত্রা রোধ করার মতো কোনো পথ বা উপায় আর অবশিষ্ট আছে বলেও মনে করেন না তিনি।
মাস্কের জোরালো দাবি, যদি এআই এবং রোবটকে থামানোর মতো কোনো সুইচ বা জরুরি বোতাম থেকেও থাকে, তবুও শেষ পর্যন্ত মানুষ তা আটকানোর কোনো চেষ্টাই করবে না। মানবসভ্যতার বুদ্ধিমত্তাকে বহু আগেই এআই ছাপিয়ে গেছে—ইলনের এই মতের সঙ্গে একমত পোষণ করছেন বিশ্বের অন্যান্য প্রযুক্তি ও এআই বিশেষজ্ঞেরাও।