“মন্তব্য করতে ট্যাক্স লাগে না তো!” ট্রোলিং প্রসঙ্গে মুখ খুলে নেটপাড়াকে সপাট জবাব ঋতুপর্ণা সেনগুপ্তের

সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং এবং অকারণে নেতিবাচক মন্তব্য নিয়ে বরাবরই সরব হয়েছেন তারকারা। সম্প্রতি ‘নেভারমাইন্ড’ ছবির টিমের এক বিশেষ সন্ধ্যায় হাজির হয়ে এই বিষয়ে আরও একবার নিজের অবস্থান স্পষ্ট করলেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। পরিচালক চৈতী ঘোষাল ও অভিনেতা অমর্ত্য রায়ের মতো শিল্পীদের উপস্থিতিতে জমে ওঠা ওই আড্ডায় ঋতুপর্ণা সাফ জানিয়ে দিলেন, এই ধরণের ট্রোলিংয়ে তিনি বিন্দুমাত্র প্রভাবিত হন না।

সমাজমাধ্যমে ট্রোলিং প্রসঙ্গে কী বললেন ঋতুপর্ণা?
দীর্ঘ দশকের কেরিয়ারে বহু সম্মান ও পুরস্কার পেলেও মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ার কটাক্ষের শিকার হতে হয় অভিনেত্রীকে। এই বিষয়ে টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেন, “একটা জিনিস খেয়াল করার মতো, সমাজ মাধ্যমে মন্তব্য করতে কোনও ট্যাক্স লাগে না। সেই কারণে যে যা খুশি মন্তব্য করেন। তারকাদের আক্রমণ করে বেশি নজর কাড়া যায় বলে, নেগেটিভ মন্তব্য করার ট্রেন্ড চলছে। কিন্তু এতে আমি একটুও প্রভাবিত হই না। যেদিন সমাজ মাধ্যমে মন্তব্য করতে ট্যাক্স দিতে হবে, সেদিন দেখবেন, আর এরকম মন্তব্য করছেন না কেউ! শিল্পী হিসাবে আমার কাজ নতুন-নতুন সৃষ্টির অংশ হওয়া, আমি সেটাই করে যাব।”

গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানালেও ভিত্তিহীন কটাক্ষের তীব্র বিরোধিতা করেছেন অভিনেত্রী। তাঁর কথায়, “তা বলে এমন নয়, সমালোচনা বিমুখ আমি। অনেক ছবির ব্যাপারে অনেকে তাঁর দৃষ্টিভঙ্গি জানিয়েছেন, যা সব সময়ে আমার মতের সঙ্গে মেলেনি। কিন্তু সেই ব্যক্তির মতকে সম্মান করেছি। তবে অকারণে নেগেটিভ মন্তব্য করার বিরোধিতা করি।”

ছবি পোস্ট করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা
এ দিন বর্তমান প্রজন্মের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ধরন নিয়েও একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ঋতুপর্ণা। তাঁর মতে, অনুষ্ঠানে ছবি তোলার ক্ষেত্রে গুণগত মানের দিকে একটু নজর দেওয়া প্রয়োজন।

এই প্রসঙ্গে তিনি বলেন, “আজকার বিভিন্ন অনুষ্ঠানে যে যেরকমভাবে পারেন, ফোনে একটা ছবি তুলে নেন। সেই ছবির গুণগত মান কেমন, তা দেখে নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করতে অনুরোধ করব। বলিউড বা হলিউডে অধিকাংশ সময়ে তারকারা তাঁদের ছবি না দেখে নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করতে দেন না। এই ব্যাপারে সকলকে একটু সচেতন হতে বলব।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *