মোদীর বাসভবনের বাইরে তুমুল বিক্ষোভ! প্রিয়াঙ্কাকে নিয়ে আটক রাহুল গান্ধী, ছাত্ৰশাল স্টেডিয়াম থেকেই ছুড়লেন চরম হুঙ্কার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোক কল্যাণ মার্গের বাসভবনের বাইরে বোন তথা ওয়ানডের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে সঙ্গে নিয়ে অবস্থান বিক্ষোভে বসার পরই মঙ্গলবার আটক করা হয় রাহুল গান্ধীকে। দিল্লি পুলিশ রাহুল ও প্রিয়াঙ্কা সহ অন্য বিক্ষোভকারীদেরও আটক করে। তবে ছাত্ৰশাল স্টেডিয়ামে আটক থাকা অবস্থাতেই একটি ভিডিয়ো প্রকাশ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান রাহুল গান্ধী।
লোকসভার বিরোধী দলনেতা মূলত কেন্দ্রীয় সরকারের সামনে ৫টি প্রধান দাবি পেশ করেছেন। মধ্য দিল্লিতে ছাত্র বিক্ষোভকারীদের ওপর পুলিশের দমনপীড়নের ঠিক একদিন পরেই এই দাবিগুলো সামনে এল। উল্লেখ্য, সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন সোমবার ‘কাকরোচ জনতা পার্টি’-র নেতৃত্বে বিক্ষোভকারীরা সংসদের দিকে মার্চ করার চেষ্টা করলে দিল্লি পুলিশ ও আধাসামরিক বাহিনী তাদের ওপর লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল ফাটায়। সংসদ অভিমুখে তাদের যাত্রা রোধ করতেই এই ব্যবস্থা নেওয়া হয় এবং বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়।
শিক্ষার্থীদের ওপর পুলিশের এই নৃশংসতার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং রাহুল গান্ধী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেন। আটকের সময় ভিডিও বার্তার মাধ্যমে রাহুল গান্ধী কেন্দ্রের কাছে ৫টি দাবি পেশ করেন। দাবিগুলো হলো:
১. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
২. সোমবার শিক্ষার্থীদের মারধরকারী পুলিশ কর্মীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার।
৩. সোমবারের দমনপীড়নের জন্য প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
৪. সংসদে এই গুরুতর ইস্যু নিয়ে অবিলম্বে আলোচনা করতে হবে।
৫. দ্রুত শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং পরীক্ষা পদ্ধতির স্বচ্ছতা আনতে হবে।
এরপর দেশের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে রাহুল বলেন, “কেন ভারতীয় শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে? কেন একের পর এক প্রশ্নপত্র ফাঁস হচ্ছে? কেন ভারতে শিক্ষা এত ব্যয়বহুল হয়ে উঠেছে? কেন একটি পরিবারকে তাদের সন্তানদের পড়াশোনা করাতে গিয়ে আর্থিকভাবে সর্বস্বান্ত হতে হবে?”
কংগ্রেস নেতার সাফ কথা, এই সমস্ত প্রশ্নগুলো সম্পূর্ণ যৌক্তিক এবং তা জিজ্ঞাসা করার মধ্যে বিন্দুমাত্র কোনো ভুল নেই।