‘আগের সরকার সব শেষ করে দিয়েছিল!’ পরিবহণ দফতর নিয়ে বিস্ফোরক মন্ত্রী অর্জুন সিং

রাজ্যের পরিবহন ব্যবস্থায় বড়সড় রদবদল আনতে চলেছে সরকার। খুব শীঘ্রই কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তায় নামতে চলেছে শয়ে শয়ে গেরুয়া রঙের বাস। রাজ্যজুড়ে আরও মোট ৪৩৫টি নতুন সরকারি বাস নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার কসবায় পরিবহন দফতরের একটি বিশেষ অনুষ্ঠান থেকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মন্ত্রীর মুখে বিগত সরকারের সমালোচনা ও ট্রাম নিয়ে আপডেট
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিবহনমন্ত্রী অর্জুন সিং বলেন, “এর আগে শুভেন্দু অধিকারী যখন পরিবহন মন্ত্রী ছিলেন, তখন উনি এই পরিকাঠামো ঠিক করেছিলেন। কিন্তু তারপর অনেক অশুভ শক্তি এই দফতরটাকে নষ্ট করে দিয়েছে। আপনারা দেখবেন, আর বাসের কোনো সমস্যা হবে না।”

একইসঙ্গে ট্রাম পরিষেবা নিয়েও বড় আপডেট দিয়েছেন মন্ত্রী। তিনি জানান, আগের সরকারের আম্ল বিলুপ্ত হতে বসা ট্রাম পরিষেবা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই পুনরায় চালু করা হচ্ছে। এমনকি দক্ষিণেশ্বর, কালীঘাট ও নিউটাউনেও নতুন করে ট্রাম চালানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

কেন্দ্রের সঙ্গে সমন্বয় এবং ইলেকট্রিক বাস চালুর ঘোষণা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের কাজের খতিয়ান তুলে ধরে তিনি জানান, বর্তমান সরকারের বয়স মাত্র ৯ সপ্তাহ হয়েছে। এই অল্প সময়ের মধ্যেই ভারত সরকারের সঙ্গে সমন্বয় বাড়িয়ে পরিবহন ব্যবস্থায় গতি আনা হয়েছে।

মুখ্যমন্ত্রীর প্রধান ঘোষণাগুলো এক নজরে:

ইলেকট্রিক বাস ও কেন্দ্র-রাজ্যের অনুদান: পরিবেশ সুরক্ষায় জোর দিয়ে রাজ্যে আরও ইলেকট্রিক বাস আনা হচ্ছে। যার ৬০ শতাংশ টাকা দেবে কেন্দ্র সরকার এবং ৪০ শতাংশ টাকা বহন করবে রাজ্য সরকার।

চার্জিং স্টেশন ও পরিকাঠামো: তিনটি নিগম মিলে বিভিন্ন ডিপোতে চার্জিং স্টেশন ও পরিকাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে।

চিংড়িহাটা মেট্রো সমস্যা: যে সমস্যার সমাধান বিগত সরকার ১৭ মাসেও করতে পারেনি, বর্তমান সরকার তা মাত্র ১৭ দিনে সমাধান করেছে বলে দাবি করেন তিনি। এছাড়া ধীরে ধীরে ‘সিটি মেট্রো’ (City Metro) চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে।

বেতন বৃদ্ধি: আগের সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, আগের সরকার হঠাৎ করে ২০২৫ সালে শুধু চালকদের বেতন বাড়িয়েছিল, কিন্তু বর্তমান সরকার এসে কন্ডাকটরদেরও বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা আগামী অগাস্ট মাস থেকেই কার্যকর হবে।

বাসের সংখ্যা বৃদ্ধি: গেরুয়া রঙের বাস প্রসঙ্গে তিনি বলেন, শৌর্যের প্রতীক হিসেবে গেরুয়া রঙে বাস নামানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। ৪০০টি নতুন বাসের টেন্ডার করলেই টাকা পেয়ে যাবে নিগম, এবং মার্চ ২০২৭ সালের মধ্যে রাজ্যে মোট ১,০০০টি নতুন বাস চলে আসবে। আগামী ১২ মাস পর কাজের হিসাব দেখে সাধারণ মানুষ পরিবর্তন বুঝতে পারবেন বলে আশাবাদী মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *