বিমানেই বিপত্তি! পোকার কামড়ে গুরুতর অসুস্থ অভিনেতা রাজেশ শর্মা, ভর্তি হাসপাতালে

ফের টলিপাড়ায় উদ্বেগের ছায়া। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বাংলা ও হিন্দি সিনেমার দাপুটে অভিনেতা রাজেশ শর্মা। বর্তমানে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সূত্রের খবর, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল হলেও শরীরের জটিলতা এখনও কাটেনি।

জানা গেছে, সম্প্রতি কাজের সূত্রে হায়দরাবাদে গিয়েছিলেন রাজেশ শর্মা। সেখান থেকে বিমানে করে ফেরার পথেই বিপত্তি ঘটে। বিমানের মধ্যে আচমকাই তাঁর পায়ে কোনো বিষাক্ত পোকা কামড়ায়। শুরুতে বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও, পরবর্তী সময়ে দেখা যায় অভিনেতার পা মারাত্মকভাবে ফুলে গিয়েছে।

অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে খবর, রাজেশের দীর্ঘদিনের ডায়াবেটিসের সমস্যা রয়েছে। পোকার কামড় থেকে পা-তে ব্যাপক সংক্রমণ (Infection) ছড়িয়ে পড়ে, যা দ্রুত শরীরের অন্যান্য অংশে প্রভাব ফেলতে শুরু করে। এর ফলে অভিনেতার সুগার লেভেল হু হু করে বেড়ে যায় এবং শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। পরিস্থিতি সঙ্গীন বুঝে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

পাশে দাঁড়ালেন প্রসেনজিৎ
অভিনেতার অসুস্থতার খবর প্রথম প্রকাশ্যে আনেন সুদীপা চট্টোপাধ্যায়। এই খবর পাওয়ার পরেই অভিনেতা রাজেশ শর্মার স্বাস্থ্যের খোঁজখবর নিতে তৎপর হয়ে ওঠেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি ব্যক্তিগতভাবে রাজেশ শর্মার চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাঁর দ্রুত সুস্থতার কামনা করেন। চিকিৎসক বর্তমানে রাজেশ শর্মাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

দু’ই ইন্ডাস্ট্রির ভরসা
‘পারমিতার একদিন’, ‘পরিণীতা’ থেকে শুরু করে বলিউডের ‘দ্য ডার্টি পিকচার’, ‘নো ওয়ান কিল্ড জেসিকা’, ‘এমএস ধোনি’ কিংবা ‘মিশন রানিগঞ্জ’-এর মতো ছবিতে নিজের অভিনয় ক্ষমতার পরিচয় দিয়েছেন রাজেশ শর্মা। সম্প্রতি ‘নয়ন রহস্য’ বা ‘দ্য একেন’-এর মতো ছবিতেও তাঁর সাবলীল উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। দুই ইন্ডাস্ট্রির এই পরিচিত মুখের অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর অগুনতি অনুরাগী। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *