‘আমার চেয়ে খারাপ কেউ হবে না!’ আইনভঙ্গকারীদের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

সিএএ (CAA) থেকে শুরু করে ওয়াকফ আইন সংশোধন—গত কয়েক বছরে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে রাজ্যজুড়ে অশান্তি ও হিংসাত্মক বিক্ষোভের সাক্ষী থেকেছে বাংলা। সরকারি সম্পত্তি ভাঙচুর থেকে পুলিশের ওপর হামলা, পরিস্থিতি সামাল দিতে বারবার বেগ পেতে হয়েছে প্রশাসনকে। শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এক সাংবাদিক বৈঠক থেকে এই ধরনের আইনহীনতার বিরুদ্ধে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কড়া বার্তা মুখ্যমন্ত্রীর:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ওই সাংবাদিক বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কঠোর অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি সরাসরি বার্তা দেন, “ধর্মের দোহাই দিয়ে অশান্তি করার চেষ্টা করলে আমার চেয়ে খারাপ কেউ হবে না।”
প্রাক্তন সরকারের আমলের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যে নতুন সরকার গঠনের পর ভাতের হাঁড়ির চাল টেপার মতো দু’টো চেষ্টা হয়েছিল—আসানসোল এবং পার্ক সার্কাস। কিন্তু তারপর থেকে আর এমন কিছু দেখা যাচ্ছে না, আর দেখতেও পাবেন না। সেরকম কিছু হলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে।”
পার্ক সার্কাস মডেল:
উল্লেখ্য, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ে পুলিশের ওপর ইট-পাটকেল ছোড়ার ঘটনার পর মুখ্যমন্ত্রী সশরীরে উপস্থিত হয়ে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন আইনের শাসন প্রতিষ্ঠা করতে। সেদিনই তিনি বলেছিলেন, “পুলিশের গায়ে হাত তোলা মানে সরকারের গায়ে হাত তোলা।” শুক্রবার মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, পার্ক সার্কাসের সেই ‘কড়া নিয়ন্ত্রণ মডেল’ই আগামিদিনে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় অনুসরণ করা হবে।
তোষণহীন শাসন:
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্ব্যর্থহীন ভাষায় জানান, তাঁর সরকার সম্পূর্ণভাবে ভারতীয় সংবিধান মেনে চলবে। কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ধর্মের প্রতি তোষণ নীতি বা আইন অমান্যকারীদের প্রশ্রয় দেওয়ার কোনো অবকাশ নেই। রাজ্যে দ্রুত শান্তি ফিরিয়ে আনা এবং তা বজায় রাখাই সরকারের প্রধান লক্ষ্য।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকার গঠনের পর থেকেই রাজ্যে আইনশৃঙ্খলার রূপরেখা নিয়ে যে জল্পনা চলছিল, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর তা একপ্রকার পরিষ্কার হয়ে গেল। আগামিদিনে নবান্নের এই ‘জিরো টলারেন্স’ নীতি রাজ্যে শান্তি বজায় রাখতে কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার বিষয়।