অবশেষে স্বস্তির বৃষ্টি! বর্ষার দাপটে ভিজবে বাংলা, আজ কোন জেলায় সতর্কতা?

তীব্র দাবদাহের অস্বস্তি কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস দক্ষিণবঙ্গবাসীর। রাজ্যজুড়ে নেমেছে শান্তির বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আজ শুক্রবারও রাজ্যজুড়ে বৃষ্টিমুখর আবহাওয়া বজায় থাকবে। একইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তবে সবচেয়ে বড় খবর, উত্তরবঙ্গে ইতিমধ্যেই জাঁকিয়ে বসেছে বর্ষা।
উত্তরবঙ্গে সতর্কতা:
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ থেকে ১৪ জুন পর্যন্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রবিবার পর্যন্ত জারি থাকছে ‘হলুদ সতর্কতা’। এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের পরিস্থিতি:
উত্তরবঙ্গের পর এবার বর্ষার প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গেও। আজ শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও ঝড়-বৃষ্টির দাপট দেখা যাবে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনায় ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে শনিবার থেকে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতার হালচাল:
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদে আজ বজ্রবিদ্যুৎসহ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবার থেকে এই জেলাগুলিতে আবহাওয়ার এই জটিলতা অনেকটাই কেটে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
বাইরে বেরোনোর আগে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস।