অন্নপূর্ণা যোজনায় বড় নিয়ম বদল! একই পরিবারে দু’জনও পাবেন টাকা? জানুন নবান্নের নয়া গাইডলাইন

রাজ্যে জোরকদমে চলছে ‘অন্নপূর্ণা যোজনা’-র আবেদন প্রক্রিয়া। অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই চলছে ফর্ম ফিলাপ। প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করায় সাধারণের মধ্যে উৎসাহ তুঙ্গে। এরই মধ্যে এই প্রকল্প নিয়ে তৈরি হওয়া যাবতীয় ধোঁয়াশা কাটাতে আনুষ্ঠানিক গাইডলাইন বা নিয়মাবলী প্রকাশ করল রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক।

যৌথ পরিবারে সুযোগ নিয়ে নয়া নিয়ম:
সবচেয়ে বেশি যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল, তা হলো—একই পরিবারের একাধিক মহিলা কি এই প্রকল্পের সুবিধা পাবেন? নবান্নের নতুন নির্দেশিকায় এই বিষয়ে কিছুটা শিথিলতা আনা হয়েছে:

যদি কোনো যৌথ পরিবারে দুটি আলাদা দম্পতি থাকেন এবং তাঁদের প্রত্যেকের নামে পৃথক রেশন কার্ড ও আলাদা [আধার কার্ড রেড্যাক্টেড] থাকে, তবে তাঁদের সরকার আলাদা পরিবার হিসেবে গণ্য করবে।

এই ক্ষেত্রে উভয় পরিবারের বিবাহিত নারী প্রধানরা আলাদাভাবে আবেদনের সুযোগ পাবেন এবং উভয়েই আর্থিক সুবিধা পাওয়ার যোগ্য হবেন।

তবে মনে রাখতে হবে, একক রেশন কার্ডধারী বা একক পরিবার হলে শুধুমাত্র একজনই আবেদনের সুবিধা পাবেন।

১২ পাতার ফর্ম নিয়ে বিতর্ক:
অন্নপূর্ণা যোজনার দীর্ঘ ১২ পাতার ফর্ম নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা অস্বস্তি ছিল। এই প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট করেছেন যে, এই দীর্ঘ ফর্ম মূলত সরকারি ডেটা সংগ্রহের জন্য। ফর্মের সব কটি পাতা পূরণ করতে না পারলেও যে প্রকল্পের টাকা পাওয়া যাবে না, বিষয়টি তেমন নয়। ভবিষ্যতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য এই তথ্যভাণ্ডার সরকারের কাজে লাগবে, তাই এই বিস্তারিত ব্যবস্থা।

আবেদন করবেন যেভাবে:
সরকার বারবার সতর্ক করছে যে, অন্নপূর্ণা যোজনার জন্য একমাত্র অফিসিয়াল পোর্টাল হলো: https://socialsecurity.wb.gov.in/। এর বাইরে অন্য কোনো লিঙ্কে ক্লিক করে ব্যক্তিগত তথ্য দেবেন না। যারা অনলাইন আবেদন করতে পারছেন না, তাঁরা অফলাইনেও নিকটবর্তী দুয়ারে সরকার বা সংশ্লিষ্ট ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন।

আগামী তিন মাস পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলমান থাকবে। তাই তাড়াহুড়ো না করে সঠিক নথি ও নিয়ম মেনে আবেদন করার পরামর্শ দিচ্ছে প্রশাসন।