‘আমার চেয়ে খারাপ কেউ হবে না!’ আইন অমান্যকারীদের হুঁশিয়ারি দিয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সাংবাদিক বৈঠক করে উগ্রপন্থী ও আইন অমান্যকারীদের উদ্দেশে এক নজিরবিহীন হুঁশিয়ারি দিলেন তিনি। স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, ধর্মের নামে যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে নবান্ন কোনোভাবেই নমনীয় হবে না।

‘ভাতের হাঁড়ির চাল টিপে দেখার চেষ্টা’:
রাজ্যের সাম্প্রতিক কিছু উত্তপ্ত ঘটনার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “নতুন সরকার গঠনের পর ভাতের হাঁড়ির চাল টেপার মতো দুটো চেষ্টা হয়েছিল।” তিনি স্পষ্টভাবে আসানসোল ও পার্ক সার্কাসের ঘটনার কথা উল্লেখ করেন। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমার মনে হয়, এরপর থেকে আর তেমন কিছু দেখতে পাচ্ছেন না, না? আর দেখতেও পাবেন না। সে রকম হলে আমার চেয়ে খারাপ কাউকে দেখতে পাবেন না।”

আইনশৃঙ্খলা নিয়ে আপসহীন:
পার্ক সার্কাসে পশু বলি সংক্রান্ত নিয়মাবলী নিয়ে বিক্ষোভ ও পুলিশের ওপর ইট-বৃষ্টির ঘটনার পর থেকেই শুভেন্দু অধিকারী কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করেছেন। সেভেন পয়েন্ট ক্রসিংয়ে পুলিশকে লক্ষ্য করে হামলার পরই তিনি বার্তা দিয়েছিলেন, পুলিশের গায়ে হাত তুললে রেহাই দেওয়া হবে না। এদিন সেই প্রসঙ্গ তুলে তিনি আরও একবার মনে করিয়ে দিলেন যে, তাঁর সরকার কোনোভাবেই তোষণ বা আইনহীনতাকে প্রশ্রয় দেবে না।

সংবিধানই শেষ কথা:
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংখ্যালঘু বিরোধী নন। বরং তাঁর সংস্কারমুখী সিদ্ধান্তকে সংখ্যালঘু সমাজের প্রগতিশীল অংশ স্বাগতই জানিয়েছে। কিন্তু প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তিনি যে আপসহীন, তা আজকের মন্তব্যে পরিষ্কার। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, তাঁর সরকার দেশের সংবিধান মেনে কাজ করবে।

পার্ক সার্কাসের ঘটনার পর রাজ্যে বড় কোনো অশান্তি মাথাচাড়া দিতে না পারাকে নতুন ক্যাবিনেটের প্রথম বড় সাফল্য হিসেবে দেখছে শাসক শিবির। মুখ্যমন্ত্রীর এই কড়া অবস্থান ভবিষ্যতে রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল।