জামাইষষ্ঠীতে আম-ইলিশের পাতে পড়বে কখন ফোঁটা? ২০২৬ সালের পুজো ও উৎসবের সঠিক দিন-ক্ষণ জানুন পঞ্জিকা মতে

জ্যৈষ্ঠের চড়া রোদ আর আম-কাঁঠালের মিষ্টি গন্ধ জানান দিচ্ছে বাঙালির অন্যতম প্রিয় উৎসব ‘জামাইষষ্ঠী’র কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তার পরই বাংলার ঘরে ঘরে শুরু হয়ে যাবে জামাই আদরের চিরন্তন মহোৎসব। মেয়ের সুখী দাম্পত্য আর মাতৃত্বের প্রার্থনা বুকে নিয়ে মা ষষ্ঠীর আরাধনায় ব্রতী হবেন শাশুড়িরা। নতুন পাঞ্জাবি পরে আসা জামাইয়ের কপালে পড়বে দই-হলুদের ফোঁটা, আর কবজিতে বাঁধা হবে দেবীষষ্ঠীর পুজো করা সেই মঙ্গলসূতো। ২০২৬ সালের এই বিশেষ উৎসবটি আগামী ২০ জুন, বাংলার ৫ আষাঢ়, শনিবার উদযাপিত হতে চলেছে। তবে এই বছরের পুজো ও উৎসবের সঠিক সময়সূচি নির্ধারণে বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্তপ্রেস, উভয় পঞ্জিকাতেই রয়েছে সময়ের কিছুটা হেরফের।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী সময়সূচি:
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, এই বছর ষষ্ঠী তিথি আরম্ভ হচ্ছে ৪ আষাঢ়, ইংরেজি ১৯ জুন, শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে। এবং এই পবিত্র তিথির সমাপ্তি ঘটবে ৫ আষাঢ়, ইংরেজি ২০ জুন, শনিবার দুপুর ৩টে ৪৭ মিনিটে।
গুপ্তপ্রেস পঞ্জিকার সময়সূচি:
অন্য দিকে, সনাতনপন্থী গুপ্তপ্রেস পঞ্জিকা মতে এই তিথির সময় কিছুটা আলাদা। এই পঞ্জিকা অনুযায়ী ষষ্ঠী তিথি শুরু হবে ৪ আষাঢ়, অর্থাৎ ১৯ জুন, শুক্রবার রাত ১০টা ১৬ মিনিট ৪২ সেকেন্ডে। আর তিথির শেষ হবে ৫ আষাঢ়, অর্থাৎ ২০ জুন, শনিবার রাত ৮টা ৫৭ মিনিট ৩৫ সেকেন্ডে।
শনিবারই জমবে উৎসবের আমেজ:
দুই পঞ্জিকার সময়ের এই সামান্য তারতম্য মাথায় রেখেই শাশুড়িরা তাঁদের জামাইয়ের মঙ্গলের জন্য পুজোর যাবতীয় গোছগাছ সারতে পারেন। তবে মূলত ২০ জুন, শনিবার দিনটিতেই মূল উৎসব, কোলাকুলি এবং রসনা তৃপ্তির ঢল নামবে বাংলার ঘরে ঘরে।
আসলে এই পার্বণ তো শুধু ধর্মীয় আচারের ঘেরাটোপে বন্দি নয়, এর পরতে পরতে লুকিয়ে আছে মায়ের ভালোবাসা। জামাইকে পঞ্চব্যঞ্জনে আপ্যায়ন আর মনের মতো উপহারে ভরিয়ে দিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে তাঁর গুরুত্ব আরও বাড়িয়ে তোলার এক মিষ্টি রেওয়াজ এটি। জামাইয়ের পাতে গঙ্গার ইলিশ, গলদা চিংড়ি আর হিমসাগর আম-মিষ্টির যুগলবন্দি দেখার জন্য এখন থেকেই জামাই ও শ্বশুরবাড়ির পক্ষ থেকে জোরকদমে শুরু হয়ে গিয়েছে দিনগোনা।