এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা: ক্ষতিপূরণ নিতে চাপ! চাঞ্চল্যকর অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে

২০২৫ সালের ১২ জুন আমদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান AI-171 ভেঙে পড়ার ঘটনায় নিহত হন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী। ঘটনার এক বছর পূর্তির প্রাক্কালে সেই দুর্ঘটনা ঘিরে নতুন করে দানা বাঁধল বিতর্ক। বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ নিতে চাপ সৃষ্টির অভিযোগ তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে রাধিকা রূপাণী।
রাধিকার অভিযোগ, দুর্ঘটনার সঠিক তদন্ত রিপোর্ট আসার আগেই এয়ার ইন্ডিয়া তড়িঘড়ি ক্ষতিপূরণের কাগজপত্র সই করানোর চেষ্টা করছে। তাঁর দাবি, এই প্রক্রিয়ার আড়ালে লক্ষ্য হলো ভবিষ্যতে পরিবারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ আটকানো। সরাসরি টাটা সন্স-এর প্রধান এন চন্দ্রশেখরনকে চিঠি লিখে রাধিকা স্পষ্ট জানিয়েছেন, “আমরা অর্থের চেয়ে স্বচ্ছতা এবং ন্যায়বিচার বেশি চাই। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা কোনো চূড়ান্ত নিষ্পত্তিতে যেতে রাজি নই।”
যদিও এই গুরুতর অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে এয়ার ইন্ডিয়া। বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিপূরণ গ্রহণ বা কোনো নথিতে সই করার জন্য পরিবারগুলোর ওপর কোনো ধরনের সময়সীমা বা চাপ আরোপ করা হয়নি। এয়ার ইন্ডিয়া স্পষ্ট করেছে যে, এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB) স্বাধীনভাবে তদন্ত চালাচ্ছে এবং রিপোর্ট না আসা পর্যন্ত পরিবারগুলো চাইলে অপেক্ষা করতে পারে। সংস্থাটির দাবি, ২০২৫ সালের অক্টোবর থেকেই স্বচ্ছতার সঙ্গে ক্ষতিপূরণের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এক বছর পেরিয়ে গেলেও দুর্ঘটনার সত্যতা নিয়ে এই টানাপোড়েন শোকাতুর পরিবারগুলোর ক্ষোভকে আরও উসকে দিয়েছে।