বাজারের কেনা রসুনে বিদায়! বাড়ির টবেই এবার ফলান টাটকা ও অর্গানিক রসুন

রোজকার রান্নায় রসুনের কদর অস্বীকার করার উপায় নেই। কিন্তু বাজারের কেনা রসুনে থাকে রাসায়নিকের ভয়। ভাবছেন তো ফ্ল্যাট বাড়িতে বাগান ছাড়া কীভাবে রসুন ফলাই? চমকে ওঠার মতো বিষয় হলো, আপনার শোবার ঘরের জানলার পাশে বা বারান্দার ছোট্ট টবেই এখন অনায়াসেই ফলানো সম্ভব সুগন্ধী ও অর্গানিক রসুন।

কীভাবে শুরু করবেন? রসুনের চাষ শুরু করার জন্য কোনো বিশাল জায়গার প্রয়োজন নেই। নিচে দেওয়া সহজ ধাপগুলো অনুসরণ করলেই আপনি হয়ে উঠবেন বাড়ির বাগানি।

  • উপযুক্ত রসুন নির্বাচন: সুপারমার্কেট থেকে কেনা রাসায়নিক দেওয়া রসুনের পরিবর্তে অর্গানিক ও শক্ত রসুন বেছে নিন। কোয়াগুলো অক্ষত থাকলে অঙ্কুরোদগম ভালো হয়।

  • পাত্র ও মাটি: ৬-৮ ইঞ্চি গভীর ড্রেনেজ বা জল নিষ্কাশনের ব্যবস্থা আছে এমন টব বা পাত্র বেছে নিন। উর্বর ও ঝুরঝুরে মাটি ব্যবহার করাই ভালো।

  • লাগানোর নিয়ম: রসুনের কোয়ার সুচালো অংশটি উপরের দিকে রেখে মাটির ১-২ ইঞ্চি গভীরে পুঁতে দিন। প্রতিটি কোয়ার মধ্যে ৩-৪ ইঞ্চির দূরত্ব বজায় রাখুন।

  • আলো ও জল: প্রতিদিন ৬-৮ ঘণ্টা উজ্জ্বল আলো পায় এমন জায়গায় টবটি রাখুন। মাটি যেন সবসময় আর্দ্র থাকে, তবে অতিরিক্ত জল দেবেন না। মাটি শুকিয়ে এলে তবেই জল দিন।

  • যত্ন ও পরিচর্যা: গাছের বৃদ্ধির জন্য ২-৪ সপ্তাহ অন্তর হালকা ও সুষম সার ব্যবহার করতে পারেন। ঘরের তাপমাত্রা ৬০-৭৫ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে রাখলে গাছ দ্রুত বাড়ে।

কখন তুলবেন ফসল? গাছের পাতা যখন ৬-৮ ইঞ্চি বড় হবে, তখন আপনি রান্নায় ‘গার্লিক গ্রিনস’ হিসেবে সেগুলো ব্যবহার করতে পারেন। তবে আস্ত রসুন পাওয়ার জন্য আপনাকে ৬ থেকে ৯ মাস ধৈর্য ধরতে হবে। গাছের নিচের পাতাগুলো শুকিয়ে হলুদ হয়ে আসা মানেই রসুনের ভোল বদলেছে, এবার তা তুলে ফেলার পালা। তোলার পর ২-৪ সপ্তাহ ছায়াযুক্ত ও শুকনো জায়গায় রেখে রসুনগুলোকে শুকিয়ে নিলেই তৈরি আপনার বাড়ির খাঁটি অর্গানিক রসুন!

ব্যাস, এই সামান্য পরিচর্যাই আপনাকে দেবে সারা বছর বিষমুক্ত টাটকা রসুনের নিশ্চয়তা। আর দেরি কেন? আজই শুরু করে দিন আপনার ইনডোর গার্ডেনিং!