গোমাতাকে নিয়ে মন্তব্যকারী মুসলিমদের তীব্র আক্রমণ যোগীর, দিলেন কড়া হুঁশিয়ারি

গরুকে ‘জাতীয় পশু’ ঘোষণার দাবি নিয়ে দেশজুড়ে চলা রাজনৈতিক ও সামাজিক তরজার মধ্যে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিজনৌরে আয়োজিত এক অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি গরু নিয়ে এই দাবি তোলা মুসলিম সমাজের একাংশকে তীব্র ভাষায় আক্রমণ করেন।
যোগীর মন্তব্য ও বিতর্ক:
সম্প্রতি মুসলিম সমাজের কিছু মৌলবি ও ইমাম গরুকে ভারতের ‘জাতীয় পশু’ ঘোষণার দাবি তোলেন। সেই প্রসঙ্গ টেনে যোগী আদিত্যনাথ বলেন, “মা এবং ছেলের সম্পর্কের মাঝে কি কোনো ঘোষণা বা স্বীকৃতির প্রয়োজন হয়? মাকে সম্মান করার কথা কি ছেলেকে বলে দিতে হয়? এটা আমাদের সংস্কার।” যোগীর মতে, গোহাতাকে আলাদা করে ‘জাতীয় পশু’ ঘোষণা করার প্রয়োজন নেই, কারণ ভারতবাসীর কাছে গরু কেবল পশু নয়, ‘গোমাতা’।
মুসলিমদের ‘দ্বিচারিতা’ নিয়ে তোপ:
যোগী আদিত্যনাথ অনুষ্ঠানে উপস্থিত জনতাকে লক্ষ্য করে বলেন, যারা গরুকে ‘পশু’ বলে সম্বোধন করছেন, তাঁদের বুদ্ধিবৃত্তিক চিন্তাভাবনাই ‘পশুর মতো’। মুসলিম সমাজের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে তিনি বলেন, “একদিকে গোহত্যাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, আবার অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় গোমাতার ছবি দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে।”
কড়া হুঁশিয়ারি:
উত্তরপ্রদেশে গোহত্যার পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “উত্তরপ্রদেশে গোহত্যার পরিণাম আপনারা জানেন। যদি না জেনে থাকেন, তবে অন্যদের বোঝান। নয়তো এর ফল কয়েক প্রজন্ম ধরে মনে রাখতে হবে।” যোগীর এই মন্তব্যের সময় উপস্থিত জনতা হাততালি দিয়ে তাঁকে সমর্থন জানান।
গোহত্যা থেকে শুরু করে গোমাংস সংক্রান্ত নিষেধাজ্ঞা নিয়ে ভারতে দীর্ঘকাল ধরেই বিতর্ক চলছে। এবার যোগীর এই কঠোর অবস্থান সেই বিতর্ককে আরও উসকে দিল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।