অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর থানায় দায়ের FIR, জেনেনিন কেন?

সামাজিক মাধ্যমে গুজরাতি সম্প্রদায়কে নিয়ে করা এক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে এবার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হলো। অভিযোগকারীর দাবি, গত ২ মে ২০২৬ তারিখে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘X’-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় গুজরাতি সম্প্রদায়কে উদ্দেশ্য করে যে শব্দ ব্যবহার করেছেন, তা অত্যন্ত অপমানজনক এবং সামাজিক সম্প্রীতির পরিপন্থী।
অভিযোগের মূল বিষয়বস্তু: অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গুজরাতি সম্প্রদায়কে ‘গ্যাং’ বলে অভিহিত করেছেন। অভিযোগকারীর মতে, এটি একটি নেতিবাচক শব্দ যা সাধারণত অপরাধ বা আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত। চিঠিতে আরও দাবি করা হয়েছে, এই ধরণের মন্তব্য সমাজে ঘৃণার পরিবেশ তৈরি করতে পারে এবং নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসায় প্ররোচনা দিতে পারে। এছাড়া, ফলতা বিধানসভা কেন্দ্রে ‘ডায়মন্ড হারবার মডেল’ নিয়ে যে চ্যালেঞ্জ তিনি ছুড়ে দিয়েছেন, তা নিয়েও আপত্তি তোলা হয়েছে।
আইনি জটিলতায় তৃণমূল: অভিযোগকারী এই অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য অভিষেকের ২০২৪ লোকসভা নির্বাচনের হলফনামাও পুলিশের কাছে জমা দিয়েছেন। ইতিমধ্যে কলকাতা পুরসভার পক্ষ থেকেও অভিষেকের বাড়ির প্ল্যান চেয়ে নোটিশ পাঠানো হয়েছে, যার প্রেক্ষিতে তিনি ১০ দিন সময় চেয়েছেন। এর মধ্যেই নতুন করে এই আইনি অভিযোগ তাঁর অস্বস্তি বাড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
পরপর মামলায় চাপে নেতৃত্ব: প্রসঙ্গত, রাজ্যে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে আইনি অভিযোগের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। কয়েক দিন আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় একটি মামলা দায়ের করেছেন আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায়। ২০২৫ সালে একটি বিশেষ সম্প্রদায়কে নিয়ে করা মন্তব্যের জেরে ওই মামলা করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।
অভিযোগের গুরুত্ব বিবেচনা করে ভবানীপুর থানা পরবর্তী পদক্ষেপ কী নেয়, এখন সেটাই দেখার বিষয়।