কাজ পাইয়ে দেওয়ার নামে ‘কাটমানি’! ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের

তৃণমূল সরকারের আমলে সঙ্গীত জগতের অন্যতম প্রভাবশালী মুখ ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে এবার সরাসরি ‘কাটমানি’ নেওয়ার অভিযোগ তুললেন অপর সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। সরকারি অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ বা চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে টাকা ফেরত চাওয়া হতো বলে দাবি করেছেন তিনি।
কী অভিযোগ ঋদ্ধির?
ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের দাবি, ইন্দ্রনীল সেন ও তাঁর ঘনিষ্ঠ টিম প্রথমে শিল্পীদের অনুষ্ঠান পাইয়ে দিতেন। তারপর সেই প্রাপ্য টাকার একটা অংশ ফেরত চাওয়া হতো। ঋদ্ধির কথায়, “৭ হাজার টাকার অনুষ্ঠান হলে বলা হতো, ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাত হাজার ঢুকবে, কিন্তু সেখান থেকে ২ হাজার টাকা ফেরত দিতে হবে। মিউজিশিয়ানদেরও একই নির্দেশ দেওয়া হতো।”
এই পুরো প্রক্রিয়ায় ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তির নামও জড়িয়েছেন ঋদ্ধি। তাঁর অভিযোগ, সঙ্গীত মেলাতেও ব্যাপক আর্থিক অনিয়ম হয়েছে। ঋদ্ধি সরাসরি বলেন, “ইন্দ্রনীল সেনের মিউজিশিয়ান ঝুনু বা প্রবীর মল্লিক যেভাবে টাকা নয়ছয় করতেন, তার সমস্ত তথ্য আমার কাছে আছে।” এছাড়া ঋদ্ধি অভিযোগ করেছেন যে, শুধুমাত্র যাঁরা তোষামোদ করতেন, তাঁরাই সরকারি চাকরি বা সরকারি অনুষ্ঠানে সুযোগ পেতেন। তিনি তৃষা পারুই, গার্গী ঘোষ এবং নাজিমকুল হকের নাম করে এ প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন।
ইন্দ্রনীল সেনের প্রতিক্রিয়া:
এই বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে টিভি ৯ বাংলা ইন্দ্রনীল সেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো আইনি বা বিস্তারিত বিতর্কে না গিয়ে জানান, “এই বিষয়ে কিছু মন্তব্য করতেও আমার আত্মসম্মানে বাধে।”
রাজনৈতিক প্রেক্ষাপট:
রাজনৈতিক পালাবদলের আবহে এবং গোষ্ঠী কোন্দলের জের ধরে দলের অন্দরে বা পরিচিত মহলে হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নতুন নয়। তবে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে শিল্পীমহল থেকে সরাসরি কাটমানির অভিযোগ ওঠায় রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে প্রবল আলোড়ন সৃষ্টি হয়েছে। এখন দেখার, এই অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন বা কোনো তদন্তকারী সংস্থা কোনো পদক্ষেপ গ্রহণ করে কি না।