হাওয়ায় দুলছে মেসির ৭০ ফুটের মূর্তি! বিপদের আশঙ্কায় নামাল প্রশাসন, বড় সিদ্ধান্ত মন্ত্রীর

লেকটাউনের আকাশছোঁয়া লিওনেল মেসির ৭০ ফুটের মূর্তিটিকে ঘিরে চরম আতঙ্ক তৈরি হয়েছে। মূর্তিটি হাওয়ায় দুলতে শুরু করায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় নড়েচড়ে বসল রাজ্য প্রশাসন। মঙ্গলবার রাত থেকেই মূর্তিটি মেরামতের কাজ শুরু করেছে পূর্ত দপ্তর।
কী পরিস্থিতি?
পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ অনুযায়ী, মূর্তিটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। হাওয়ার দাপটে সেটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। স্থানীয়দের সুরক্ষার কথা মাথায় রেখে মূর্তির চারপাশ শাল-বল্লা দিয়ে ঘিরে মোটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। আপাতত সেটিকে সাময়িকভাবে স্থিতিশীল করার চেষ্টা চলছে।
বেআইনি নির্মাণের অভিযোগ:
এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল। তিনি স্পষ্ট জানিয়েছেন, মূর্তিটি যে স্থানে বসানো হয়েছে, সেই জায়গাটি পূর্ত দপ্তরের। মন্ত্রী বলেন, “মূর্তিটি যে কোনো সময়ে ভেঙে পড়তে পারে, তাই আমরা এটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। যে বিশাল পেডেস্টাল বা বেসমেন্ট তৈরি করা হয়েছে, তা সম্পূর্ণ বেআইনি। সেটি ভেঙে ফেলা হবে। তবে মেসির মূর্তিটি আমরা নষ্ট হতে দেব না, বরং কোনো উপযুক্ত পার্কে সেটি সসম্মানে স্থাপন করার ব্যবস্থা করা হবে।”
কী পরিকল্পনা প্রশাসনের?
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে এই মূর্তিটির ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন খোদ লিওনেল মেসি। কিন্তু কয়েক মাসের মধ্যেই মূর্তিটির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠল। বর্তমানে মূর্তিটি তৈরির শিল্পী মন্টি পালের সঙ্গে আলোচনা করে প্রশাসনের পরিকল্পনা হলো, উপরের মূর্তিটিকে অক্ষত রেখে তা সাবধানে নামিয়ে আনা। তবে বেসমেন্টটি ভেঙে ফেলার কাজ দ্রুত শুরু হবে। পাশাপাশি, মূর্তির ভিত কতটা মজবুত, তা খতিয়ে দেখতে মাটি পরীক্ষার (Soil Testing) কাজও শুরু করা হবে।
নিরাপত্তার খাতিরে বর্তমানে মূর্তিটির চারপাশে কঠোর সতর্কতা জারি করেছে পূর্ত দপ্তর। মেসির এই বিশাল মূর্তিটি শেষ পর্যন্ত কোন পার্কে স্থান পাবে, তা নিয়ে কৌতুহল বাড়ছে ফুটবল প্রেমীদের মধ্যে।