কেরলে রণক্ষেত্র! প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের বাড়িতে ইডির হানা, অফিসারদের গাড়ি ভাঙচুর

প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের পরিবারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্তে নেমে বুধবার সকালে কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে তীব্র উত্তজনা সৃষ্টি হলো। রাষ্ট্রায়ত্ত সংস্থা সিএমআরএল (CMRL)-এর সাথে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে বীণার আইটি সংস্থার বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এদিন রাজ্যের ১০টি জায়গায় একযোগে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
অভিযোগের নেপথ্যে: অভিযোগ, সিএমআরএল থেকে অবৈধভাবে মোটা অঙ্কের টাকা পিনরাই বিজয়নের মেয়ের তথ্যপ্রযুক্তি সংস্থায় পাঠানো হয়েছিল। এই মামলার সূত্র ধরেই বুধবার ভোরে পিনরাই বিজয়ন ও তাঁর জামাইয়ের বাসস্থানে হানা দেন ইডি আধিকারিকরা।
রণক্ষেত্র তিরুবনন্তপুরম: তল্লাশির খবর চাউর হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু করেন সিপিএম কর্মী-সমর্থকরা। তিরুবনন্তপুরমে ইডি অফিসারদের কনভয় আটকে শুরু হয় তাণ্ডব। ইডি ও সিআরপিএফ জওয়ানদের গাড়িতে ইট এবং রড দিয়ে হামলা চালানো হয়। এই ঘটনায় ভাঙচুর করা হয়েছে কনভয়ের একটি গাড়ির উইন্ডস্ক্রিন। আতঙ্কের বিষয় হলো, ওই গাড়িতে মহিলা ইডি আধিকারিকরাও উপস্থিত ছিলেন। হামলায় ইডির এক গাড়িচালক গুরুতর আহত হয়েছেন এবং তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজনৈতিক চাপানউতোর: পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে ব্যাপক হিমশিম খেতে হয়। সিপিএম-এর তরফে এই তল্লাশিকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে দাবি করা হয়েছে। অন্যদিকে, তদন্তকারী সংস্থার দাবি, উপযুক্ত প্রমাণের ভিত্তিতেই এই তল্লাশি প্রক্রিয়া চালানো হচ্ছে।
কেরলের রাজনৈতিক মহলে এই ঘটনা এক গভীর অস্থিরতার সৃষ্টি করেছে। এই মুহূর্তে তিরুবনন্তপুরমের একাধিক এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। তল্লাশি প্রক্রিয়া শেষ করতে এবং ইডি আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।