ফুটবল বিশ্বকাপ ভারতে কোন চ্যানেলে দেখা যাবে? জেনেনিন সর্বশেষ আপডেট

দীর্ঘ টালবাহানা ও অনিশ্চয়তার পর অবশেষে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সম্প্রচার নিয়ে ইতিবাচক খবর পাওয়া যাচ্ছে। ফুটবলপ্রেমীদের চিন্তার অবসান ঘটিয়ে ভারতের সম্প্রচার স্বত্ব পাওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস (Zee Entertainment Enterprises)।

বিশ্বকাপের সূচি ও ভারতের সম্প্রচার পরিস্থিতি আগামী ১১ জুন, ২০২৬ থেকে উত্তর আমেরিকায় শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। অথচ টুর্নামেন্ট শুরুর কয়েক সপ্তাহ আগেও ভারতে কোন টিভি চ্যানেল বা ওটিটি প্ল্যাটফর্মে ম্যাচ দেখা যাবে, তা নিয়ে ছিল চরম ধোঁয়াশা। রিলায়েন্স-ডিজনি (JioStar) এই দৌড় থেকে সরে দাঁড়ানোয় নতুন করে আশা জাগিয়েছে ‘জি’। সংস্থাটি জানিয়েছে, তাদের নতুন স্পোর্টস পোর্টফোলিও ‘Unite8 Sports’-কে শক্তিশালী করতেই তারা ফিফার সঙ্গে সক্রিয় আলোচনায় লিপ্ত রয়েছে।

চুক্তি নিয়ে সমীকরণ সূত্রের খবর, ফিফা প্রাথমিকভাবে ভারত ও দক্ষিণ এশিয়ার সম্প্রচার স্বত্বের জন্য ৬০ মিলিয়ন ডলারের কাছাকাছি দাবি করছে। এর আগে রিলায়েন্স-ডিজনি ২০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিলেও ফিফা তা গ্রহণ করেনি। বর্তমানে ফিফার সঙ্গে জি এন্টারটেইনমেন্টের আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছে। সংস্থার তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ক্রীড়া সম্প্রচারের বাজারে নিজেদের অবস্থান মজবুত করতেই তারা বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞের সম্প্রচার স্বত্ব পাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে।

বিশ্বকাপ ও ভারতীয় দর্শক ফিফা জানিয়েছে, বিশ্বজুড়ে ১৮০টি দেশের সঙ্গে ইতিমধ্যেই সম্প্রচার চুক্তি সম্পন্ন হয়েছে। ভারতের ক্ষেত্রে চুক্তিটি কিছুটা ঝুলে থাকলেও, নতুন এই উদ্যোগে ফুটবলপ্রেমীরা আশার আলো দেখছেন। ২০২২ সালের কাতার বিশ্বকাপে মোট দর্শকের ২.৯ শতাংশ ছিল ভারতীয়। সেই নিরিখে ২০২৬ বিশ্বকাপেও ভারতের বিপুল দর্শকসংখ্যা ও বিজ্ঞাপন বাণিজ্যের সম্ভাবনা মাথায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে বোর্ড। সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই সরকারিভাবে সম্প্রচারকারী প্ল্যাটফর্মের নাম ঘোষণা করা হবে।