‘ডন ৩’ বিতর্ক! রণবীর সিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ফেডারেশনের! বয়কটের ডাক বলিউডে

রণবীর সিং এবং বিতর্ক যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। বক্স অফিসে ‘ধুরন্ধর ২’-এর রেশ কাটতে না কাটতেই এবার বড়সড় বিপাকে পড়লেন এই বলিউড সুপারস্টার। ফারহান আখতারের অত্যন্ত প্রতীক্ষিত ছবি ‘ডন ৩’ থেকে আচমকা সরে আসার জেরে রণবীরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)। অভিনেতার বিরুদ্ধে ‘অসহযোগিতা’ বা নন-কোঅপারেশন ডিরেক্টিভ জারি করে কার্যত বয়কটের মুখে ফেলে দেওয়া হয়েছে তাঁকে।
কেন এই পদক্ষেপ?
অভিযোগের সূত্রপাত গত ১১ এপ্রিল। পরিচালক ফারহান আখতার এবং প্রযোজক রিতেশ সিধওয়ানির দাবি, শুটিং শুরুর মাত্র তিন সপ্তাহ আগে আচমকা ‘ডন ৩’ থেকে নিজেকে সরিয়ে নেন রণবীর। এর ফলে ছবির সামগ্রিক নির্মাণ প্রক্রিয়া বড়সড় ধাক্কা খায় এবং প্রযোজনা সংস্থার বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। ফেডারেশনের চিফ অ্যাডভাইজর অশোক পণ্ডিত জানান, রণবীরকে বারবার শোকজ নোটিশ পাঠানো হলেও তিনি সদুত্তর দেননি। উল্টে অভিনেতার টিম পাল্টা ইমেল পাঠিয়ে দাবি করে যে, এই বিষয়ে হস্তক্ষেপ করার কোনও এক্তিয়ারই ফেডারেশনের নেই।
নিয়মের ঊর্ধ্বে নন সুপারস্টার
FWICE-এর সভাপতি বিএন তিওয়ারি বিষয়টি নিয়ে অত্যন্ত কড়া অবস্থান নিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, “ছবি মাঝপথে বন্ধ হয়ে গেলে হাজার হাজার দিনমজুর ও টেকনিশিয়ানের রুটিরুজিতে টান পড়ে। তাদের ক্ষতির দায় কে নেবে?” ফেডারেশনের নিয়ম অনুযায়ী, এই আইনি লড়াইয়ের ফয়সালা না হওয়া পর্যন্ত সংগঠনের কোনও সদস্য রণবীর সিংয়ের সঙ্গে কাজ করবেন না।
কী বলছে রণবীরের টিম?
তুমুল এই বিতর্কের আবহে রণবীরের মুখপাত্র একটি বিবৃতি জারি করেছেন। সেখানে বলা হয়েছে, “রণবীর ‘ডন’ ফ্র্যাঞ্চাইজি এবং গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি গভীর সম্মান রাখেন। পেশাদার বিষয়গুলো তিনি মর্যাদা ও পরিণতমনস্কতার সঙ্গেই মেটাতে আগ্রহী।” কাদা ছোঁড়াছুঁড়িতে অংশ না নিয়ে বিষয়টি নিয়ে নীরব থাকাই শ্রেয় মনে করছেন অভিনেতা।
বলিউডের অন্দরে কান পাতলে এখন শুধুই এই বিতর্কের চর্চা। সুপারস্টারের এই ‘অসহযোগিতা’র তকমা তাঁর ক্যারিয়ারে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।