স্কুলের ইউনিফর্মেও দুর্নীতি? নিম্নমানের কাপড় নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!

নিয়োগ দুর্নীতি, রেশন থেকে আবাস যোজনা—তৃণমূল জমানার দীর্ঘ দুর্নীতির তালিকায় এবার নতুন সংযোজন স্কুল ইউনিফর্ম। সরকারি স্কুলের ইউনিফর্মের কাপড়ের নিম্নমান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার এক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে তিনি এই ইস্যুতে রীতিমতো ভর্ৎসনা করলেন সংশ্লিষ্ট দফতরগুলোকে।
কী নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভ?
প্রশাসনিক সূত্রের খবর, সোমবার সচিব পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই উঠে আসে সরকারি স্কুলের ইউনিফর্মের গুণগত মান সংক্রান্ত অভিযোগ। বারবার অভিযোগ উঠেছে যে, পড়ুয়াদের জন্য দেওয়া ইউনিফর্মের মাপ (Size) সঠিক থাকে না এবং কাপড়ের গুণমান এতটাই নিম্নমানের যে তা দ্রুত ছিঁড়ে যায়। এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী সরাসরি বস্ত্র ও অর্থ দফতরকে দায়ী করেছেন।
তদন্তের নির্দেশ ও কড়া বার্তা
বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানতে চেয়েছেন, গুণগত মান যাচাই না করেই কীভাবে ইউনিফর্মের জন্য অর্থ বরাদ্দ করা হলো? কারা এই বরাত পাওয়ার যোগ্য ছিল এবং কোন প্রক্রিয়ায় তা দেওয়া হয়েছে, তার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে, ভবিষ্যতে ইউনিফর্মের মান যাচাই না করা পর্যন্ত কোনো অর্থ বরাদ্দ করা হবে না বলেও সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য রিপোর্টও তলব করা হয়েছে।
অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত:
ইউনিফর্ম দুর্নীতি ছাড়াও বৈঠকে ১০০ দিনের কাজের বিষয়ে আলোকপাত করেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বরাদ্দ আসার সঙ্গে সঙ্গেই যাতে এই প্রকল্পের কাজ দ্রুতগতিতে শুরু করা যায়, সেই নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া দীর্ঘদিনের প্রতিক্ষিত ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ বাস্তবায়নের লক্ষ্যে সেচ দফতরকে কেন্দ্রীয় জনশক্তি মন্ত্রকের সঙ্গে দ্রুত আলোচনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।