১৪ বছরের অপেক্ষার অবসান! কলকাতায় পা রেখেই মাদার হাউসে মার্কো রুবিও

চারদিনের ভারত সফরে এসে প্রথমেই কলকাতার মাটিতে পা রাখলেন মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও। আজ, শনিবার সস্ত্রীক রুবিও পৌঁছে যান মাদার হাউসে। মাদার টেরেসার প্রতিষ্ঠিত এই সেবা প্রতিষ্ঠানে প্রায় দুই ঘণ্টা সময় কাটান তিনি। এরপর সস্ত্রীক তিনি নির্মলা শিশুভবনেও যান।

১৪ বছর পর কলকাতায় মার্কিন স্টেট সেক্রেটারি:
মার্কো রুবিওর এই কলকাতা সফর কূটনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘ ১৪ বছর পর কোনও মার্কিন স্টেট সেক্রেটারি কলকাতা সফরে এলেন। এর আগে ২০১২ সালে হিলারি ক্লিনটন শেষবারের মতো কলকাতায় এসেছিলেন।

মোদীর সঙ্গে আজই বৈঠক:
কলকাতা সফর শেষে আজ বিকেলেই রুবিও সস্ত্রীক দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্গিও গোর জানিয়েছেন, আজ বিকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন রুবিও। এই চারদিনের সফরে (২৩ থেকে ২৬ মে) বাণিজ্য, প্রতিরক্ষা, শক্তি এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

ভবিষ্যৎ সম্পর্কের নতুন রূপরেখা:
সূত্রের খবর, রবিবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও রুবিয়োর বৈঠক হতে পারে। এছাড়াও এই সফরে আগ্রা ও জয়পুর ভ্রমণের পরিকল্পনা রয়েছে মার্কিন স্টেট সেক্রেটারির। ভারত সফরের ঠিক প্রাক্কালেই মার্কো রুবিও এক বার্তায় জানিয়েছেন, জ্বালানি শক্তির ক্ষেত্রে ভারতের সাথে সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী ওয়াশিংটন। তিনি স্পষ্ট করেছেন, “ভারত যত বেশি জ্বালানি কিনতে চাইবে, আমরা ততই সরবরাহ করতে প্রস্তুত।”

বিশেষজ্ঞদের মতে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে কোয়াড (QUAD) এবং প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত ও আমেরিকার এই উচ্চপর্যায়ের আলোচনা আগামী দিনে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।